Logo

দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছে ২ লাখ ১২ হাজার আনসার সদস্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ১৩:১৬
দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে থাকছে ২ লাখ ১২ হাজার আনসার সদস্য
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ঘিরে সারাদেশের পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ২ লাখ ১২ হাজার ১১৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে এবারও ব্যবহার করা হবে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে রাখতে দায়িত্ব পালন করবে বিশেষ স্ট্রাইকিং পেট্রোল।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, এবারের দুর্গাপূজায় সারাদেশের ৩৩ হাজার ১৬৫টি পূজামণ্ডপের তথ্য নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯১৪টি পূজামণ্ডপকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব স্থানে নিরাপত্তা জোরদারে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত পূজামণ্ডপে আটজন করে এবং সাধারণ পূজামণ্ডপে ছয়জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সারাদেশে ১০৪টি স্ট্রাইকিং পেট্রোল প্রস্তুত থাকবে। পূজামণ্ডপগুলোর মধ্যে সমন্বয় বজায় রাখা এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়াই হবে এসব দলের প্রধান কাজ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মহাপরিচালক বলেন, ছোট কোনো ঘটনাকে কেন্দ্র করে যেন কেউ বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পরিস্থিতি অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য স্ট্রাইকিং পেট্রোলকে প্রস্তুত রাখা হবে।

দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থায় গত বছরের ধারাবাহিকতায় এবারও ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হবে বলে জানান তিনি। অ্যাপটিতে ৬৬ হাজার সদস্য নিবন্ধিত থাকবেন। কোনো ঘটনা ঘটলে দ্রুত তথ্য সংগ্রহ এবং পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে অ্যাপটি সহায়ক হবে।

মহাপরিচালক জানান, গত জাতীয় সংসদ নির্বাচনেও এ ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থার সফল ব্যবহার করা হয়েছে। এবারও পূজামণ্ডপের নিরাপত্তা কার্যক্রমে তথ্য আদান-প্রদান ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে অ্যাপটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণে বাহিনীর নিজস্ব মনিটরিং ব্যবস্থাও সক্রিয় থাকবে। কোথাও কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কোনো সদস্যের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মহাপরিচালক।

দুর্গাপূজায় দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের দৈনিক ভাতা তুলনামূলক কম বলে উল্লেখ করেন আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি জানান, একজন সদস্য দায়িত্ব পালনের জন্য দৈনিক প্রায় ৪৫০ থেকে ৫০০ টাকা ভাতা পান। সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর প্রস্তাবও দেওয়া হয়েছে।

তিনি বলেন, দায়িত্ব পালনকালে সদস্যদের গভীর রাত পর্যন্ত অবস্থান করতে হয়। এ কারণে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস পাওয়া গেছে।

বিজ্ঞাপন

মহাপরিচালকের ভাষ্য অনুযায়ী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সংস্কারের অন্যতম লক্ষ্য হলো সদস্যদের মধ্যে সেবার মানসিকতা আরও জোরদার করা। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তারা যেন আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন, সে জন্য সদস্যদের উৎসাহিত করা হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করার চ্যালেঞ্জ প্রসঙ্গে মহাপরিচালক বলেন, সদস্যদের সংখ্যা তুলনামূলক কম হলেও প্রত্যেককে যথাসময়ে দায়িত্বস্থলে উপস্থিত রাখা জরুরি। খাবারসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

তিনি আরও জানান, কোনো কোনো পরিস্থিতিতে গণজমায়েত বা উত্তেজনা তৈরি হতে পারে। এমন অবস্থায় আনসার সদস্যদের ধৈর্য ধরে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের ওপর আক্রমণ হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

গুজব প্রতিরোধ ও নিরাপত্তা সমন্বয়ের বিষয়ে তিনি বলেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে। জেলা পর্যায়ে ব্রিফিং এবং বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় সভাও করা হয়েছে। পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দ্রুত তথ্য আদান-প্রদান ও পরিস্থিতি মোকাবিলায় ভূমিকা রাখবে।

দুর্গাপূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD