চাকরিতে পুনর্বহাল ও অধিকার ফেরত চায় সাবেক বিডিআর সদস্যরা

চাকরিতে পুনর্বহাল, নাগরিক অধিকার ও সব সুযোগ-সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা। একই সঙ্গে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন তারা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেন। ‘অধিনায়কের সামারি কোর্টে চাকরিচ্যুত বিডিআর-২০০৯’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০১২ সালে কোনো পূর্ব নোটিশ ছাড়াই এবং অপরাধের সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে প্রায় ১০ হাজার বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছিল। তাদের দাবি, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরিচ্যুত সদস্যরা এখনো ন্যায়বিচার ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
বক্তারা অবিলম্বে চাকরিচ্যুত সব সদস্যকে চাকরিতে পুনর্বহাল করার পাশাপাশি তাদের পূর্ণাঙ্গ নাগরিক অধিকার ও চাকরিসংশ্লিষ্ট যাবতীয় সুযোগ-সুবিধা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।
তারা প্রশ্ন তুলে বলেন, সরকার যদি রোহিঙ্গাদের জন্য দেশে আশ্রয় ও সহায়তার ব্যবস্থা করতে পারে, তাহলে নিজ দেশের নাগরিক হয়েও চাকরি হারানো বিডিআর সদস্যদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে না কেন?
বিজ্ঞাপন
আরও পড়ুন
পিলখানায় ২০০৯ সালের ঘটনাকে বিদ্রোহ নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা। তাদের বক্তব্য, ওই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ করা জরুরি।
বিজ্ঞাপন
বক্তারা আরও বলেন, তদন্ত প্রতিবেদন আলমারিতে আটকে না রেখে তা জনসম্মুখে প্রকাশ করতে হবে। এর মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তারা।








