Logo

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:১৯
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি কারাদণ্ড শেষ করার পর তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে কারাগার থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি বলেছেন, কোনো নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি। তাই চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহালের সুযোগ নেই।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বিকেল ৩টায় শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ফজলে হুদা তার প্রশ্নে জানতে চান, বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত অনেক সদস্য সাজা ভোগ করে মুক্তির পরও আওয়ামী লীগ সরকারের আমলের মামলায় হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের হয়রানি বন্ধে মন্ত্রণালয়ের কোনো নির্দিষ্ট পদক্ষেপ আছে কি না এবং সাজা শেষ করা সদস্যদের দ্রুত মুক্তির কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিডিআর বিদ্রোহ-সংক্রান্ত মামলাগুলো আদালতের নির্ধারিত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী সাজা শেষ করার পর কোনো ব্যক্তির বিরুদ্ধে অন্য মামলা থাকলে সেটি যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিচালিত হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তিনি বলেন, শুধু পরিচয়, আগের সাজা কিংবা রাজনৈতিক বিবেচনার কারণে কেউ যাতে অযথা হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশকে স্পষ্ট ও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইনবহির্ভূত বা উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি, মিথ্যা মামলা কিংবা অযৌক্তিক পরিস্থিতির অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সাজা শেষ হয়ে গেলে এবং তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।

৮ হাজার ৭৯৬ সদস্য চাকরিচ্যুত

অন্যদিকে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছ জানতে চান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় নিরপরাধ যেসব বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছেন, তাদের বিজিবিতে পুনরায় নিয়োগ দেওয়া হবে কি না।

বিজ্ঞাপন

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো নিরপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি। ফলে চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই।

তিনি জানান, পিলখানায় বিদ্রোহ ও হত্যাকাণ্ডের পর তৎকালীন বিডিআরের আইন ও বিধি অনুযায়ী বিভাগীয় স্পেশাল কোর্ট এবং প্রশাসনিক বিচার ব্যবস্থায় সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। বিভিন্ন ইউনিটের তদন্ত পর্ষদের মাধ্যমে শনাক্তকরণের পর ৬ হাজার ২৮৬ জন বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডসহ চাকরি থেকে বরখাস্ত করা হয়।

এ ছাড়া প্রশাসনিক বিচার ব্যবস্থার মাধ্যমে ২ হাজার ৫১০ জনকে পেনশন সুবিধাসহ চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। সব মিলিয়ে ৮ হাজার ৭৯৬ জন বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তার ভাষ্য, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়ায় দোষী সাব্যস্ত হওয়ার পরই এসব শাস্তি দেওয়া হয়েছে। তাই চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই।

বিজ্ঞাপন

হত্যা ও বিস্ফোরক মামলা চলমান

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মধ্যে ৮৫০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং ৮৩৪ জনের বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা করা হয়েছে।

হত্যা মামলায় নিম্ন আদালত বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। বর্তমানে ওই মামলার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল চলমান রয়েছে। অন্যদিকে ৮৩৪ আসামির বিরুদ্ধে বিস্ফোরক মামলার বিচারও নিম্ন আদালতে চলছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, হত্যা ও বিস্ফোরক মামলা দুটির বিচারিক কার্যক্রম চলমান থাকায় এসব মামলায় আসামি হিসেবে থাকা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহালের সুযোগও নেই।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD