Logo

আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ২২:১২
আগুন-ককটেল ঠেকাতে আইজিপির কড়া নির্দেশনা
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা প্রতিরোধে সারা দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।

বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি অংশ নেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। এ জন্য পুলিশি টহল, তল্লাশি কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আইজিপি পেশাদারিত্বের সঙ্গে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেন। তবে আইনশৃঙ্খলা রক্ষার অভিযানের সময় কোনো নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকারও নির্দেশনা দেন তিনি।

এ ছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুর জেলায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত দেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ১৯টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় মোট ১১টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ২৯ জনকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD