উন্নয়নকাজের বেহাল দশা, সংসদে অসহায়ত্ব প্রকাশ ডেপুটি স্পিকারের

সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঠিকাদারদের অনিয়ম, কাজ ফেলে রাখা এবং যথাযথ তদারকির অভাব নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। নিজের নির্বাচনি এলাকার উন্নয়নকাজের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেছেন, “আমি তো এই জায়গা থেকে বলতে পারি না অনেক কিছু। বাট ইটস এ ভয়াবহ অবস্থা।”
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের বক্তব্যের পর এসব কথা বলেন ডেপুটি স্পিকার।
কায়সার কামাল বলেন, সরকারি উন্নয়নকাজে বছরের পর বছর পার হয়ে গেলেও অনেক এলাকায় কাজ শুরু হয় না। আবার কাজ শুরু হওয়ার পর ঠিকাদারদের খুঁজে পাওয়া যায় না। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে। উন্নয়ন প্রকল্পের বাস্তব অবস্থা যাচাই করতে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের (পিডি) সরেজমিনে পরিদর্শন ও নিয়মিত তদারকির নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।
নিজের নির্বাচনি এলাকার পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ডেপুটি স্পিকার বলেন, “আমাদের কনস্টিটুয়েন্সিতে কী বলবো? আমি তো এই জায়গা থেকে বলতে পারি না অনেক কিছু। বাট ইটস এ ভয়াবহ অবস্থা।”
বিজ্ঞাপন
এর আগে সংসদে বক্তব্য দিতে গিয়ে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান তাঁর নির্বাচনি এলাকা ফুলবাড়িয়ার বিভিন্ন সড়কের দুরবস্থার চিত্র তুলে ধরেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতিবছর রাস্তা, কালভার্ট ও অবকাঠামো নির্মাণে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ দেওয়া হয়। কিন্তু অনেক ক্ষেত্রে কার্যাদেশ পাওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান এক থেকে দুই বছর পর্যন্ত কাজ শুরু করে না। কাজ শুরু করলেও দীর্ঘ সময় অসমাপ্ত অবস্থায় ফেলে রাখে।
এতে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। পাশাপাশি প্রকল্পের ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে এবং সরকারি অর্থের যথাযথ ব্যবহার ব্যাহত হচ্ছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন
ফুলবাড়িয়ার সনকান্দা সড়কের উদাহরণ দিয়ে কামরুল হাসান বলেন, সড়কটি এক বছর ধরে খানাখন্দে ভরা অবস্থায় পড়ে আছে। কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মোহাম্মদনগর ১০ মাইল সড়ক এবং ভবানীপুরের কচুয়া সড়কেও একই পরিস্থিতি বিরাজ করছে।
এ ধরনের অনিয়ম বন্ধে কার্যাদেশ পাওয়া ঠিকাদারদের জবাবদিহির আওতায় আনা এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ ছাড়া সড়কের দুই পাশে পুকুর খনন করে মাছ চাষের কারণে রাস্তা দ্রুত ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টিও সংসদে তুলে ধরেন এই সংসদ সদস্য। তাঁর অভিযোগ, অনেক ক্ষেত্রে নির্মাণের মাত্র ছয় মাসের মধ্যেই সড়কের স্থায়িত্ব নষ্ট হয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
সমস্যা সমাধানে সড়ক থেকে অন্তত ১০ থেকে ১৫ ফুট দূরে পুকুর খননের বিধান কার্যকর করার দাবি জানান কামরুল হাসান। তাঁর মতে, এ ক্ষেত্রে নির্ধারিত দূরত্ব বজায় রাখা হলে সড়কের স্থায়িত্ব বাড়বে এবং সরকারি অর্থের অপচয় কমানো সম্ভব হবে।








