Logo

দুর্গাপুর-কলমাকান্দাকে পর্যটন নগরী করতে চাই: ডেপুটি স্পিকার

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
২০ অক্টোবর, ২০২৬, ১৭:১৩
দুর্গাপুর-কলমাকান্দাকে পর্যটন নগরী করতে চাই: ডেপুটি স্পিকার
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল | ফাইল ছবি

নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য দেশ-বিদেশের পর্যটকদের কাছে তুলে ধরার পাশাপাশি পর্যটনসুবিধা সম্প্রসারণ ও বিনিয়োগের পরিবেশ তৈরির পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে দুর্গাপুর উপজেলার সাদামাটির পাহাড় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, দুর্গাপুর ও কলমাকান্দাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার বিষয়ে কাজ শুরু হয়েছে। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ইতিমধ্যে পর্যটনমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। মন্ত্রী শিগগিরই এলাকা পরিদর্শনে আসবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল দুর্গাপুর ও কলমাকান্দা পরিদর্শন করে পর্যটনের সম্ভাবনা যাচাই করবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে এলাকার আকাশচিত্র ধারণের পরিকল্পনা রয়েছে। পরে এসব চিত্র পর্যটন করপোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।

ডেপুটি স্পিকার বলেন, দীর্ঘদিন ধরে এ দুই উপজেলাকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা থাকলেও প্রয়োজনীয় উদ্যোগ ও নথিপত্রের ঘাটতি ছিল। এবার সেই প্রত্যাশা বাস্তবায়নে কাজ চলছে। শুধু কথায় নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমে স্থানীয় মানুষের স্বপ্ন পূরণ করতে চান তাঁরা।

বিজ্ঞাপন

দুর্গাপুর ও কলমাকান্দার প্রাকৃতিক সৌন্দর্যের কথা তুলে ধরে তিনি বলেন, এ অঞ্চলে রয়েছে চিনামাটির পাহাড়, গারো পাহাড় ও স্বচ্ছ পানির সোমেশ্বরী নদী। পাহাড় ও নীল পানির সমন্বয়ে এখানকার প্রাকৃতিক দৃশ্য অনন্য। পাহাড়ের কিছু এলাকায় গেলে কাশ্মীরের মতো প্রাকৃতিক পরিবেশের অনুভূতি পাওয়া যায়।

তবে এত দিন এলাকার প্রাকৃতিক সৌন্দর্যের যথাযথ পরিচর্যা হয়নি বলে মন্তব্য করেন কায়সার কামাল। তিনি জানান, দুর্গাপুর-কলমাকান্দার সৌন্দর্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি দ্রুত এলাকাটিকে নির্দিষ্ট পর্যটন এলাকার আওতায় এনে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে। পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং বিনিয়োগের পরিবেশ তৈরিও পরিকল্পনার অংশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শীত মৌসুমে দুর্গাপুরে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, এ সময়ে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন তিনি। পর্যটকদের নিরাপত্তায় এলাকায় টুরিস্ট পুলিশ মোতায়েনের উদ্যোগ নেওয়ারও চেষ্টা করবেন।

কায়সার কামাল বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দুর্গাপুর ও কলমাকান্দাকে একটি আদর্শ পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি। প্রয়োজনীয় পরিকল্পনা, নথিপত্র ও বাস্তব পদক্ষেপের মাধ্যমে এ অঞ্চলের পর্যটন নগরী হওয়ার দীর্ঘদিনের প্রত্যাশাকে বাস্তবে রূপ দেওয়াই তাঁর লক্ষ্য।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD