Logo

রংপুর সফর শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
২০ অক্টোবর, ২০২৬, ১৫:৫১
রংপুর সফর শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

রংপুর সফর শেষে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন তিনি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহী সফর করছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

বিমানবন্দরে পৌঁছালে বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি হাত নেড়ে উপস্থিত সবাইকে অভিবাদন জানান। পরে সড়কপথে নগরীর গণকপাড়ায় রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুরে যান তারেক রহমান। সেখান থেকে সড়কপথে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন এবং বক্তব্য দেন। এরপর সৈয়দপুর বিমানবন্দরে ফিরে সামরিক বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হন তিনি।

রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শন শেষে বিকেলে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজশাহীতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দুপুর থেকেই জনসভাস্থলে জড়ো হতে শুরু করেন তাঁরা। সফরকে কেন্দ্র করে জনসভাস্থল প্রস্তুত, নগর পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। নগরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনে রাজশাহীতে এসেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটিই প্রথম রাজশাহী সফর। তাঁর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত ও উচ্ছ্বসিত। রাজশাহীবাসীও প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD