ইউনিয়ন নির্বাচনে দলের কেউ মুনাফিকি করলে ক্ষমা করবেন না প্রধানমন্ত্রী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কেউ মুনাফেকি করলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ক্ষমা করবেন না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে একটি ফর্মুলা দেবেন। দলের মধ্যে থেকে কেউ সিদ্ধান্তের বিরোধিতা করলে কিংবা দলের সঙ্গে বেইমানি করলে তাঁকে ছাড় দেওয়া হবে না। মনোনীত প্রার্থীর পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তিনি দল থেকে ছিটকে পড়বেন বলেও মন্তব্য করেন তিনি।
মো. আসাদুজ্জামান বলেন, প্রতিটি ইউনিয়নের পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। দল এমন প্রার্থী চায়, যিনি নির্বাচনে জয়ী হতে পারবেন। পছন্দের প্রার্থী মনোনয়ন পেলেই হবে না, তাঁকে বিজয়ী হয়ে আসতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “আজকে বিএনপি যদি ক্ষমতায় না আসতো, তাহলে আমি যত বড় নেতাই হই না কেন, আমি যত ভালো মানুষই হই না কেন, তাতে কিছুই যেত-আসত না।”
দলকে সবচেয়ে বড় আমানত হিসেবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, কেউ দলের সিদ্ধান্তের ঊর্ধ্বে গিয়ে বিকল্প অবস্থান নিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার দলের রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ার মতো প্রার্থী বাছাই এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
মতবিনিময় সভায় শৈলকুপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








