Logo

দুর্গাপূজার নিরাপত্তায় ২ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর, ২০২৬, ১৮:০৯
দুর্গাপূজার নিরাপত্তায় ২ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য মোতায়েন
ছবি প্রতিনিধি।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সারাদেশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ উপলক্ষে ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ২ লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ এবং ৬৬ হাজার ৩৩০ জন নারী সদস্য রয়েছেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে ১০৪টি স্ট্রাইকিং ফোর্স দলের ৬২৪ জন সদস্যকেও প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আনসার-ভিডিপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আধুনিক প্রযুক্তি, ডিজিটাল নজরদারি, দক্ষ জনবল ও বিভিন্ন বাহিনীর সমন্বয়ের মাধ্যমে এবারের দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থাকে আরও গতিশীল, কার্যকর ও জবাবদিহিমূলক করা হয়েছে।

মহাপরিচালক বলেন, গত দুই বছরে তৃণমূলভিত্তিক সংস্কার, প্রশিক্ষণের আধুনিকায়ন এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাহিনীতে ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কর্মমুখী শিক্ষার নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে চালু করা হয়েছে কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রম। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, দেশপ্রেম ও জননিরাপত্তায় অংশগ্রহণের উপযোগী দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা হচ্ছে। এবারের দুর্গাপূজায় দায়িত্ব পালনের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণেরা অর্জিত জ্ঞান ও দক্ষতার বাস্তব প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরে মহাপরিচালক জানান, আনসার-ভিডিপির সদস্য তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং যাচাই-বাছাই ও মোতায়েন ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। এভিএমআইএসের মাধ্যমে প্রায় ১০ লাখ সদস্যের তথ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। অন্যদিকে, এসটিডিএমএসের মাধ্যমে সদস্যদের যাচাই-বাছাই ও মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, আধুনিক আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে সদস্যদের ভাতা সরাসরি তাঁদের নিজস্ব মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠানো হচ্ছে। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিরাপত্তা কার্যক্রমের তদারকি ও তাৎক্ষণিক সাড়াদানে ব্যবহৃত ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর কার্যকারিতা তুলে ধরে মহাপরিচালক বলেন, অ্যাপটির মাধ্যমে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সমন্বিত পদক্ষেপ গ্রহণ সহজ ও কার্যকর হচ্ছে।

বিজ্ঞাপন

এই ডিজিটাল ব্যবস্থায় তিনটি পর্যায়ে কাজ করা হচ্ছে। পূজামণ্ডপে দায়িত্ব পালনকারী ভিডিপি সদস্যরা প্রথম সারিতে থেকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ ও তাৎক্ষণিক সাড়াদানে ভূমিকা রাখবেন। জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সমন্বিত ব্যবস্থা নিতে পারবে। পাশাপাশি তদারকি প্যানেলের মাধ্যমে সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, ঘটনা ও দুর্ঘটনা মোকাবিলা এবং গুজব প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

বাহিনীপ্রধান জানান, পূজামণ্ডপ ও মন্দিরের গুরুত্ব এবং সংবেদনশীলতা বিবেচনায় তিন শ্রেণিতে নিরাপত্তা জনবল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ৬ হাজার ৯১৪টি মণ্ডপে প্রতিটিতে আটজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ ১১ হাজার ৭৮১টি এবং সাধারণ ১৪ হাজার ৪৭০টি মণ্ডপে প্রতিটিতে ছয়জন করে সদস্য মোতায়েন রয়েছেন।

এ ছাড়া জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় সারাদেশে ১০৪টি স্ট্রাইকিং ফোর্স দল প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আশা প্রকাশ করেছে, সম্মিলিত প্রচেষ্টা ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখতে বাহিনীর সদস্যরা নিষ্ঠা, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এদিনের সভায় তিনজন অঙ্গীভূত আনসার সদস্যকে পুরস্কৃত করেন মহাপরিচালক।

মতবিনিময় সভায় বাহিনীর সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন স্তরের গণমাধ্যম প্রতিনিধি এবং সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD