Logo

‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে সহায়তা পেলেন নবাবগঞ্জের চারজন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ১৬:৩৪
‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে সহায়তা পেলেন নবাবগঞ্জের চারজন
ছবি: সংগৃহীত

ঢাকা জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ অ্যাপে সহায়তার আবেদন করে পাশে পেয়েছেন নবাবগঞ্জের চার অসহায় ও আর্থিক সংকটে থাকা বাসিন্দা। তাদের মধ্যে একজন পেয়েছেন জীবিকা নির্বাহের জন্য সেলাই মেশিন। অন্য তিনজনকে দেওয়া হয়েছে আর্থিক সহায়তা।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা জেলা প্রশাসনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবাবগঞ্জ উপজেলায় গিয়ে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণ মানুষের সমস্যা ও প্রয়োজনের কথা সরাসরি শোনা এবং সরকারি সহায়তা সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপের মাধ্যমে পাওয়া আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সহায়তাপ্রাপ্তদের একজন বারুয়াখালী ইউনিয়নের লিলি বেগম। চার বছর আগে স্বামীকে হারানোর পর এক মেয়েকে নিয়ে আর্থিক সংকটে পড়েন তিনি। জীবিকা নির্বাহের ব্যবস্থা করতে অ্যাপের মাধ্যমে সেলাই মেশিনের আবেদন করেছিলেন। সেই আবেদনের ভিত্তিতে তাকে একটি সেলাই মেশিন দেওয়া হয়েছে।

কলাকোপা ইউনিয়নের বাসিন্দা সুমন সাহা নবাবগঞ্জ কলেজে স্নাতক সম্মান শ্রেণিতে পড়াশোনা করছেন। পরিবারের আর্থিক সংকটের কারণে পড়াশোনার খরচ চালাতে সহায়তা চেয়ে আবেদন করলে তাকে অনুদান দেওয়া হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, কৈলাইল ইউনিয়নের হৃদরোগে আক্রান্ত শেখ কাজিম উদ্দিন চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়েছেন। আগলা ইউনিয়নের যমুনা মণ্ডল মানুষের বাড়িতে কাজ করে সন্তানদের নিয়ে সংসার চালান। তিনিও জেলা প্রশাসনের কাছ থেকে সহায়তা পেয়েছেন।

সেলাই মেশিন পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লিলি বেগম বলেন, “চার বছর আগে স্বামী মারা যাওয়ার পর মেয়েকে নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছিলাম। একদিন ‘হ্যালো ডিসি’ অ্যাপে সেলাই মেশিনের জন্য আবেদন করি। এই মেশিন দিয়ে কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চাই। এতে মেয়েকে নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারবো। জেলা প্রশাসক নিজে এসে আমাদের হাতে সহায়তা তুলে দেবেন, তা ভাবিনি।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সাধারণ মানুষের কাছে দ্রুত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু করা হয়েছে। এর মাধ্যমে নাগরিকরা সরাসরি নিজেদের সমস্যা ও প্রয়োজনের কথা জানাতে পারছেন। আবেদন যাচাই করে প্রকৃত অসহায় ও প্রয়োজনগ্রস্ত ব্যক্তিদের সহায়তা দেওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দিতে তিনি নিজেই নবাবগঞ্জে গেছেন। সরকারি সেবা সহজে, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রশাসনের লক্ষ্য। অসহায় নারী, অসুস্থ ব্যক্তি এবং আর্থিক সংকটে থাকা মেধাবী শিক্ষার্থীদের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD