নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভেজালবিরোধী কার্যক্রম জোরদার করার উদ্যোগের অংশ হিসেবে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে তিনি পরীক্ষাগারটির কার্যক্রম ঘুরে দেখেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান এ তথ্য জানিয়েছেন।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা ভ্রাম্যমাণ পরীক্ষাগারটির ভেতরে প্রবেশ করে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পদ্ধতি পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে পরীক্ষাগারের কার্যক্রম এবং খাদ্যের মান যাচাইয়ের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, ভেজালবিরোধী অভিযান জোরদার করতে দেশের ৬৪টি জেলায় খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে ভ্রাম্যমাণ পরীক্ষাগার ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় এসব পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
খাদ্যে ভেজাল শনাক্ত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পৃথকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এদিকে, ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগার ভ্যান সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। এসব পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের মান যাচাই ও তদারকি কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
খাদ্য নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বাড়াতেও ভ্রাম্যমাণ পরীক্ষাগারগুলোতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি ভ্যানের বাইরের দিকে স্থাপিত মনিটরে নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রচার করা হয়। এর মাধ্যমে সাধারণ মানুষকে নিরাপদ খাদ্য গ্রহণ এবং খাদ্যে ভেজালের ঝুঁকি সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এ বি এম আব্দুস সাত্তার, জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।








