ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত পরিসরে কার্যক্রম চলায় বিভিন্ন এয়ারলাইন্সের মোট ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৩৬টি সরাসরি ফ্লাইট এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি এবং রিয়াদ এয়ারের সাতটি ফ্লাইট রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইন্ডিগোর কার্যক্রমে। এয়ারলাইনসটির ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের চারটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্সগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সবচেয়ে বেশি বাতিল হয়েছে। আর ট্রানজিট ফ্লাইটের তালিকায় শীর্ষে রয়েছে ইন্ডিগো।
ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে যেসব যাত্রীর পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য সংযোগ ফ্লাইট ধরার কথা ছিল, তাদের ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন ঘটেছে। পাশাপাশি নতুন করে টিকিটের সময় নির্ধারণ এবং যাত্রার পরবর্তী ব্যবস্থা নিয়েও ভোগান্তিতে পড়তে হচ্ছে অনেককে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সীমিত কার্যক্রমের কারণে ফ্লাইট চলাচলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্লাইট পরিচালনার সূচিতেও পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ফলে যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের কাছ থেকে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি ও অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।








