বাতিল ফ্লাইটের যাত্রীদের জন্য সুখবর, বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এ পরিস্থিতিতে আটকে পড়া যাত্রীদের বিকল্প পথে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর অংশ হিসেবে রিয়াদগামী যাত্রীদের মদিনা হয়ে গন্তব্যে পৌঁছানোর সুযোগ দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকার টিকিট বিক্রয় কাউন্টারে গিয়ে দেখা যায়, বিকল্প ফ্লাইটের টিকিট পেতে ভিড় করছেন রিয়াদগামী যাত্রীরা। কেউ টিকিট হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করছেন, আবার কেউ গন্তব্যে যাওয়ার নিশ্চয়তার অপেক্ষায় রয়েছেন।
যাত্রীদের মধ্যে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে চাওয়া প্রবাসীদের পাশাপাশি ভিসার মেয়াদ শেষ হতে যাওয়া ব্যক্তিরাও রয়েছেন। নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় তাঁদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। এখন মদিনাগামী ফ্লাইটে যাওয়ার সুযোগ পেয়ে অনেকের সেই দুশ্চিন্তা কিছুটা কমেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
যাত্রীরা জানান, সময়মতো কর্মস্থলে ফিরতে না পারলে চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। এতে দেশে থাকা পরিবারের সদস্যরাও আর্থিক ও মানসিক চাপে পড়বেন। তাই বিকল্প পথে সৌদি আরবে যাওয়ার সুযোগ তাঁদের জন্য স্বস্তির খবর হয়ে এসেছে।
তবে এখনো বিকল্প টিকিট পাননি অনেক যাত্রী। বলাকার সামনে অপেক্ষায় থাকা এসব মানুষের উদ্বেগ—কবে টিকিট পাবেন এবং কখন সৌদি আরবে পৌঁছাতে পারবেন।
রিয়াদগামী যাত্রী কামাল হোসেন বলেন, আগামীকাল তাঁর ছুটি শেষ। আজই তাঁকে রিয়াদে পৌঁছাতে হবে। অন্যথায় চাকরি নিয়ে সমস্যা তৈরি হবে। এ ছাড়া তাঁর ভিসার মেয়াদও আছে মাত্র তিন দিন। তাই এখন যে করেই হোক, আগে সৌদি আরবে প্রবেশ করতে হবে।
বিজ্ঞাপন
ভিসার মেয়াদ শেষ হতে যাওয়া প্রবাসীদের অগ্রাধিকার
এ পরিস্থিতিতে সরকারের ঘোষণার পর রিয়াদগামী যাত্রীদের মদিনা হয়ে সৌদি আরবে পাঠানোর ব্যবস্থা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান সূত্র জানায়, যাঁদের ভিসার মেয়াদ শেষ হতে চলেছে এবং যাঁদের সোমবার রিয়াদগামী ফ্লাইটে যাওয়ার কথা ছিল, তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ ছাড়া বাতিল হওয়া ফ্লাইটের টিকিট কোনো বাতিল ফি ছাড়াই পুনরায় ইস্যু করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে বিকল্প ফ্লাইটে যাত্রার সুযোগ পেতে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখতে হচ্ছে।
বিজ্ঞাপন
যাত্রীদের বিমানবন্দরে আসার আগে নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা ও পরিবর্তিত সময়সূচি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিমানের বিক্রয় বিভাগের এক কর্মকর্তা জাগো নিউজকে জানান, যাঁদের ভিসার মেয়াদ আগে শেষ হবে, তাঁদের পাঠাতে গুরুত্ব দেওয়া হচ্ছে। মদিনায় পৌঁছানোর পর প্রবাসীরা সড়কপথে নিজ নিজ গন্তব্যে যাবেন বলে জানান তিনি।








