জ্বালানি ও খাদ্যনিরাপত্তায় আলজেরিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

জ্বালানি, খাদ্যনিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে আলজেরিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে সার, ওষুধশিল্প, কৃষি, জাহাজ নির্মাণ ও সামুদ্রিক নৌপরিবহন খাতে অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা করেছে দুই দেশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাক্ষাতে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এ খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়ানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান তিনি। একই সঙ্গে খাদ্যনিরাপত্তা জোরদারে সার খাতে সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন।
বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি ওষুধশিল্প, কৃষি, জাহাজ নির্মাণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন হুমায়ুন কবির।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, আলজেরিয়ার রাষ্ট্রদূত জ্বালানি, ওষুধ, সার, জাহাজ নির্মাণ ও সামুদ্রিক নৌপরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।








