Logo

মহাপরিচালকের নির্দেশনায় ডেসকো আনসার গার্ডে দীর্ঘদিনের সমস্যার সমাধান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর, ২০২৬, ১৯:৪৩
মহাপরিচালকের নির্দেশনায় ডেসকো আনসার গার্ডে দীর্ঘদিনের সমস্যার সমাধান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় ঢাকা মহানগর আনসারের পশ্চিম জোনের মিরপুর থানাধীন ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের রান্না ও সুপেয় পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে সদস্যদের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি ফেরার পাশাপাশি দায়িত্ব পালনে মনোবল ও কর্মস্পৃহা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

গত ১১ অক্টোবর আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় ঢাকা মহানগর আনসারের পরিচালক ও পশ্চিম জোনের জোন কমান্ডার ডেসকো আনসার গার্ড পরিদর্শন করেন। এ সময় তাঁরা দায়িত্ব পালনরত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং আবাসন, রান্নাঘর ও স্বাস্থ্যসম্মত পানিসহ বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। সদস্যদের সমস্যাগুলো সরাসরি জানার পর সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় সদস্যদের রান্নার সুবিধা নিশ্চিত করতে ৩৫ কেজি ধারণক্ষমতার গ্যাস সিলিন্ডারসহ একটি নতুন গ্যাসের চুলা স্থাপন করা হয়েছে। পাশাপাশি নিরাপদ পানির ব্যবস্থা করতে ৬০ লিটার ধারণক্ষমতার একটি নতুন বৈদ্যুতিক পানির ফিল্টার বসানো হয়েছে। এর ফলে রান্না ও সুপেয় পানির সংকট নিরসনে কার্যকর অগ্রগতি হয়েছে। এ ছাড়া সদস্যদের আবাসন সমস্যা সমাধানে গার্ডটিকে দুটি ভাগে বিভক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৬ সালের ১ জানুয়ারি কার্যক্রম শুরু করা ডেসকো আনসার গার্ডে বর্তমানে দুজন প্লাটুন কমান্ডার, একজন সহকারী প্লাটুন কমান্ডার ও ৫৫ জন আনসার সদস্যসহ মোট ৫৮ জন অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। তাঁরা ডেসকো প্রাইভেট কোম্পানি লিমিটেডের আটটি পয়েন্ট ও সাব-অফিসে নিরাপত্তা নিশ্চিত করছেন।

বিজ্ঞাপন

দায়িত্বের পরিধি ও সদস্যসংখ্যা বিবেচনায় তাঁদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার এ উদ্যোগ নিরাপত্তার দায়িত্ব পালনে আরও অনুকূল পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে উদ্যোগ নেওয়ায় ডেসকো আনসার গার্ডের সদস্যরা মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের মতে, সদস্যদের কল্যাণ ও বাস্তব সমস্যার প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিক মনোযোগ কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন আনে এবং দায়িত্ব পালনে আত্মবিশ্বাস ও মনোবল বাড়ায়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নেতৃত্বে সদস্যদের আবাসন, নিরাপদ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা উন্নয়নে এ ধরনের উদ্যোগ বাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে। সদস্যকল্যাণকে গুরুত্ব দিয়ে কর্মপরিবেশের উন্নয়ন ও দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার এ প্রচেষ্টা জননিরাপত্তা ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও সুদৃঢ় করতেও সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD