এবার বিমানের জ্বালানি তেল চুরি, তদন্তে তিন সদস্যের কমিটি গঠন

বিমানের জ্বালানি তেল পরিবহনের পথে চুরির অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদ্মা অয়েল পিএলসি। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
গত শনিবার (২১ নভেম্বর) পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমানের স্বাক্ষরিত অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।
এর আগে গত ২০ নভেম্বর একটি গণমাধ্যমে ‘থামছে না বিমানের জ্বালানি চুরি, পথেই হাওয়া হাজার হাজার লিটার!’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বিমানের জেট এ-১ জ্বালানি পরিবহনের সময় চুরির একাধিক ঘটনা উঠে আসে। এর পরিপ্রেক্ষিতেই তদন্তের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে পদ্মা অয়েলের উপমহাব্যবস্থাপক (অর্থ) ও কোম্পানি সচিব আলী আবছারকে। সদস্য হিসেবে রয়েছেন উপমহাব্যবস্থাপক (নিরীক্ষা) শফিউল আজম। আর কমিটির সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন প্রধান কার্যালয়ের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অফিস আদেশে বলা হয়েছে, একটি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, যাচাই ও পর্যালোচনা করে সুপারিশসহ প্রতিবেদন তৈরি করতে হবে। নির্ধারিত ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদনটি ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দিতে হবে।
ঢাকা পোস্টের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, নারায়ণগঞ্জের গোদনাইল ডিপো থেকে ঢাকার কুর্মিটোলা এভিয়েশন ডিপোতে নেওয়ার সময় প্রায়ই বিমানের জ্বালানি তেল চুরির ঘটনা ঘটছে। চলতি বছরেও এ ধরনের একাধিক ঘটনা সামনে এসেছে। এসব অনিয়ম ঠেকাতে অভিযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া এবং নজরদারি বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়া হলেও চুরি বন্ধ হয়নি।
সর্বশেষ গত ২০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গোদনাইল ডিপো থেকে কুর্মিটোলা ডিপোতে নেওয়ার পথে ১৬ হাজার ৫০০ লিটার জেট ফুয়েল অন্যত্র বিক্রির সময় একটি ট্যাংকলরি জব্দ করে গোয়েন্দা পুলিশ।
বিজ্ঞাপন
অনুসন্ধানে আরও উঠে আসে, পরিবহন ও ডিপো-সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি চক্র বিভিন্ন কৌশলে বিমানের জ্বালানি চুরি করে অন্যত্র বিক্রি করছে। এর আগেও ৭২ হাজার লিটার জ্বালানি চুরির ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল ঢাকা পোস্ট। ওই ঘটনায় তদন্তের পর অভিযুক্ত কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল।
প্রতিবেদনে চুরির একটি কৌশল হিসেবে ‘টাইমিং চুরি’র বিষয়টিও তুলে ধরা হয়। স্বাভাবিক অবস্থায় গোদনাইল থেকে কুর্মিটোলা ডিপোতে জ্বালানি পৌঁছাতে সর্বোচ্চ তিন ঘণ্টা লাগার কথা। অথচ কোনো কোনো ট্যাংকলরি পথে ২১ ঘণ্টা পর্যন্ত অবস্থান করছে বলে অভিযোগ রয়েছে। এই দীর্ঘ সময়ের মধ্যে জ্বালানি সরিয়ে অন্যত্র বিক্রির আশঙ্কা করা হচ্ছে।
এ ছাড়া জ্বালানি পরিবহনের চালানের অনুলিপি ছিঁড়ে ফেলা এবং ডিপোর ব্রিজিং রেজিস্টারে থাকা তথ্য সাদা কালি দিয়ে মুছে ফেলার অভিযোগও উঠে এসেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং অনিয়মের সঙ্গে জড়িতদের শনাক্ত করাই এখন তদন্ত কমিটির অন্যতম দায়িত্ব।








