৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের ফ্লাইট স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরে সাম্প্রতিক হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ আরও বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ রুটে সংস্থাটির নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনা নিয়ে আগে ঘোষিত সিদ্ধান্তের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর ফলে নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
তবে সৌদি আরবের অন্য তিনটি গন্তব্যে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট পরিচালনা করা হবে।
এদিকে যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।








