Logo

পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ১৮:০৫
পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬ জন
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে এসব হামলায় আহত হয়েছেন আরও ৪৯০ জন। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে এসব তথ্য তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রশ্নে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার বিষয়ে সরকারের কাছে থাকা তথ্য জানতে চাওয়া হয়।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। এ সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ৯৭টি হামলার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সশস্ত্র গোষ্ঠীগুলো গত পাঁচ বছরে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ওপর ৮১ বার হামলা চালিয়েছে। এ ছাড়া ২৯৭টি অপহরণ, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭টি অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা হচ্ছে।

অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে জানিয়ে তিনি বলেন, অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী মামলা করা হচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি জানান, পার্বত্য অঞ্চলের নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্র ধ্বংসেও অভিযান চালানো হচ্ছে। প্রয়োজনে বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোর জোরপূর্বক চাঁদা আদায়ের উৎস ও অর্থনৈতিক কর্মকাণ্ড চিহ্নিত করে নজরদারি বাড়ানো হয়েছে। চাঁদাবাজি বন্ধে বিভিন্ন স্থানে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি এবং মোবাইল ব্যাংকিংসহ আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে জড়িত সমতলের বিভিন্ন উৎস ও নেটওয়ার্ক পুলিশ এবং এসআরবি শনাক্ত করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, পাহাড়ে ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে এ পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্য ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, সামরিক পোশাক এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD