Logo

স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-নেপালের নতুন উদ্যোগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ নভেম্বর, ২০২৬, ১৬:৪০
স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-নেপালের নতুন উদ্যোগ
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও নেপাল। এ লক্ষ্যে ওষুধের বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে নেপালি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আলোচনা করেছেন দুই দেশের স্বাস্থ্যমন্ত্রীরা।

বিজ্ঞাপন

বুধবার (১১ নভেম্বর) সকালে শ্রীলঙ্কার কলম্বোয় প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলনের সাইডলাইনে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে নেপালের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তামন্ত্রী নীশা মেহতা অংশ নেন।

আলোচনায় দুই দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্যিক ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে বাংলাদেশের ওষুধের বাজারে নেপালের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ এবং দেশটির আরও বেশি শিক্ষার্থীর জন্য বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়াশোনার সুযোগ তৈরির বিষয়ে গুরুত্ব দেন দুই মন্ত্রী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় স্বাস্থ্য খাতে দুই দেশের যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি উভয় দেশের জন্য লাভজনক নতুন সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে সেগুলো বাস্তবায়নে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন তাঁরা।

বৈঠকে বিমসটেকসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশ ও নেপালের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। একই সঙ্গে অভিন্ন স্বাস্থ্যগত চ্যালেঞ্জ মোকাবিলা এবং আঞ্চলিক স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই দেশের মন্ত্রীরা।

এই বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি স্বাস্থ্য, ওষুধশিল্প ও চিকিৎসাশিক্ষায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে দুই দেশের ইতিবাচক অবস্থান উঠে এসেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD