Logo

তারেক- এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

profile picture
মোঃ শফিকুল ইসলাম
১১ নভেম্বর, ২০২৬, ১১:৩০
তারেক- এরদোয়ান বৈঠকে প্রতিরক্ষা ও জ্বালানি সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে দুই নেতার মধ্যে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ উপলক্ষে আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন সন্ধ্যায় এ আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা। বিশেষ গুরুত্ব পায় নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে এরদোয়ানের সঙ্গে আগের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। পাশাপাশি কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

প্রতিরক্ষা ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর এবং বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি যৌথ বিনিয়োগের সম্ভাবনাও কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধিতে নিয়মিত যোগাযোগ ও কার্যকর আলোচনার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন দুই নেতা।

এ সময় বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। এ খাতে দুই দেশের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জলবায়ু সংকট মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও অংশীদারত্বের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়।

রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সহযোগিতা চাইলেন তারেক

বিজ্ঞাপন

রোহিঙ্গা সংকট মোকাবিলায় তুরস্কের দীর্ঘদিনের সহযোগিতা ও সমর্থনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা অব্যাহত রাখায় দেশটিকে ধন্যবাদ জানান।

তারেক রহমান বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পাশে থেকে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD