কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উদ্বোধনী আয়োজনের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়।
এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনের আগে লিডার্স লাউঞ্জে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের মিলনমেলা বসে। সেখানে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অনানুষ্ঠানিক আলোচনা করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও এই আয়োজনে অংশ নিয়ে উপস্থিত বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।
এ ছাড়া সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ও কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।
কপ-৩১ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি এবং জলবায়ু বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি এবং পরিবেশগত চ্যালেঞ্জের সমাধান খুঁজে বের করা এবারের সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়।
বিজ্ঞাপন
সম্মেলনের অবকাশে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতের কর্মসূচিও রয়েছে।
এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী।








