আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ

প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে দিনাজপুরে আয়োজিত এক চাকরি মেলায় অংশ নিয়ে প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি পেয়েছেন বাহিনীর ৪৫২ জন সদস্য। নির্বাচিতদের বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক পদে নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনাজপুরের আনসার-ভিডিপি আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৬৫৫ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন।
চাকরি মেলায় নির্বাচিত ৪৫২ জনের মধ্যে ওয়েল্ডিং ৬জি পদে ৩৫ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং (আরএসি) বিভাগে ৮ জন, অটোমোটিভ মেকানিক্সে ১৭ জন, ড্রাইভিংয়ে ১৮ জন, ড্রাইভারস হেলপার পদে ৭৬ জন এবং নিরাপত্তাকর্মী হিসেবে ২৯৮ জন রয়েছেন।
প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের প্রতিনিধিরা প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দক্ষতা ও যোগ্যতা যাচাই করে নিয়োগের জন্য তাঁদের নির্বাচন করেন। নির্বাচিত সদস্যরা ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজে যোগ দেবেন।
বিজ্ঞাপন
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও নির্দেশনায় প্রশিক্ষণ কার্যক্রমকে আরও আধুনিক ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়, নিয়োগ কার্যক্রমে অংশগ্রহণ এবং চাকরি মেলার আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কর্মজীবনে প্রবেশের সুযোগ তৈরি করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেওয়া ৩১৭ জন সদস্যের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তাঁদের ওয়ালটন, সিঙ্গার, প্রাণ-আরএফএল ও যমুনা গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের সুযোগ তৈরি হয়েছে।
বাহিনীর এ উদ্যোগের ফলে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের পাশাপাশি তাঁদের পারিবারিক জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হচ্ছে। একই সঙ্গে দেশের শিল্প ও উৎপাদন খাতে দক্ষ কর্মীর চাহিদা পূরণেও ভূমিকা রাখছে এ কার্যক্রম।
বিজ্ঞাপন
দিনাজপুর জেলা কমান্ড্যান্টের সার্বিক সমন্বয়ে চাকরি মেলাটি সম্পন্ন হয়। প্রশিক্ষণের পাশাপাশি সরাসরি চাকরির সুযোগ তৈরি এবং নিয়োগপ্রক্রিয়ায় সহযোগিতা পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন উপকৃত সদস্য ও তাঁদের অভিভাবকেরা। এ উদ্যোগের জন্য তাঁরা আনসার-ভিডিপি বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।
জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সদস্যদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে আনসার-ভিডিপির এ কার্যক্রম নতুন সম্ভাবনা তৈরি করছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ মানবসম্পদের অংশগ্রহণ বাড়াতেও এমন উদ্যোগ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।








