১৫ হাজার ৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান করল শ্রমিক নেতারা

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের সংশোধিত ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা। বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে তারা সরকারের সরাসরি হস্তক্ষেপে দ্রুত বাস্তবসম্মত ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতিপূর্ণ মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যানের বক্তব্যের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন শ্রমিক সংগঠনের নেতারা।
বৈঠকে শুরুতে শ্রমিকপক্ষ পোশাক শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবি জানায়। পরে সংশোধিত প্রস্তাবে সেই দাবি কমিয়ে ২২ হাজার টাকা করা হয়। অন্যদিকে, মালিকপক্ষ প্রথমে ১৫ হাজার টাকা মজুরির প্রস্তাব দিলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা করার কথা জানায়।
মালিকপক্ষের সংশোধিত প্রস্তাবের কঠোর সমালোচনা করেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতা আহসান হাবিব বুলবুল এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তাদের মতে, মালিকপক্ষের প্রস্তাব বর্তমান বাজারের ব্যয়ভার বিবেচনায় একেবারেই বাস্তবসম্মত নয়। দেশি-বিদেশি গবেষণা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠনগুলোর সুপারিশ এবং নবম পে-স্কেলের আগে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিচালিত জরিপের তথ্যের সঙ্গেও এই প্রস্তাবের সামঞ্জস্য নেই। বর্তমান জীবনযাত্রার ব্যয়ে এত কম মজুরি দিয়ে একজন শ্রমিকের সংসার চালানো অসম্ভব বলেও মন্তব্য করেন তারা।
সরকারের হস্তক্ষেপ চেয়ে এই দুই শ্রমিক নেতা বলেন, সরকার গ্যাস বা জ্বালানি তেলের দাম নির্ধারণ করে দিলে সেই নির্ধারিত দামের নিচে কেউ পণ্য বিক্রি করে না। একইভাবে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতেও সরকারের কার্যকর ভূমিকা প্রয়োজন। দ্রুত একটি বাস্তবসম্মত ও জীবনভিত্তিক মজুরি ঘোষণার প্রত্যাশা জানান তারা।
টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা মালিকপক্ষের প্রস্তাবকে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরির দাবির বিপরীতে মালিকপক্ষের প্রস্তাব সাধারণ শ্রমিকদের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
বিজ্ঞাপন
তার প্রত্যাশা, শ্রমিকদের ন্যূনতম জীবনযাপন এবং পরিবারের ব্যয় নির্বাহের বিষয়টি বিবেচনায় রেখেই মজুরি বোর্ড নতুন মজুরি নির্ধারণ করবে।
এদিকে, শ্রমিক নেতা তৌহিদুর রহমানও মালিকপক্ষের ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তবে আলোচনার প্রক্রিয়া শুরু হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
তৌহিদুর রহমান বলেন, এই অঙ্কটি শ্রমিক সমাজের জন্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে এটি যদি দর-কষাকষি বা আলোচনার সূত্রপাত করার জন্য হয়ে থাকে, তবে আমি তাকে স্বাগত জানাই।
বিজ্ঞাপন
শ্রমিকপক্ষের প্রতিনিধি কেন ৩২ হাজার টাকা থেকে দাবির পরিমাণ কমিয়ে ২২ হাজার টাকা করেছেন, সে বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। এ বিষয়ে বিস্তারিত না জানালেও আলোচনার শেষ পর্যায়ে শ্রমিক প্রতিনিধি যুক্তিতর্কের মাধ্যমে শ্রমিকদের স্বার্থ রক্ষা করে যৌক্তিক ও ন্যায়সংগত মজুরি নিশ্চিত করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এই শ্রমিক নেতা।








