১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, শেখ হাসিনা ফিরবেন কীভাবে?

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিসেম্বর মাসে দেশে ফেরার আগ্রহ প্রকাশের পর এবার ফেরার সম্ভাব্য তারিখ হিসেবে ১৬ ডিসেম্বরের কথা জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিজয় দিবসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রাষ্ট্রীয় উড়োজাহাজে দেশে ফিরতে চান শেখ হাসিনা। এ জন্য বাংলাদেশ সরকারের কাছে বিমান পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
তবে তার এই ঘোষণার পর নতুন করে প্রশ্ন উঠেছে, ১৬ ডিসেম্বর ঢাকা-দিল্লি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোনো নিয়মিত ফ্লাইট না থাকলে কীভাবে দেশে ফিরবেন তিনি? বিশেষ কোনো ফ্লাইট পাঠানো হবে কি না, আর বর্তমান রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতিতে ভারত সেই অনুমতি দেবে কি না, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
এর আগে শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদনের বিষয়টিও প্রকাশ করেছিল রয়টার্স। তখন সরকার জানিয়েছিল, দণ্ডিত আসামি হিসেবে তাকে পাসপোর্ট দেওয়ার বাধ্যবাধকতা নেই। অন্যদিকে, বাংলাদেশ সরকার বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ভারত থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।
সম্প্রতি ভারতের পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের কয়েকজন নেতার উপস্থিতি নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক প্রশ্নের পাশাপাশি সামনে এসেছে বিমান চলাচলের বিষয়টিও।
বিজ্ঞাপন
ঢাকা-দিল্লি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট সপ্তাহে দুই দিন পরিচালিত হয়। বিদ্যমান সূচি অনুযায়ী, প্রতি বৃহস্পতিবার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে ফ্লাইট ছেড়ে যায় এবং পরদিন শুক্রবার ফিরতি ফ্লাইট পরিচালিত হয়।
কিন্তু ১৬ ডিসেম্বর বুধবার হওয়ায় ওই দিন ঢাকা-দিল্লি রুটে বিমানের কোনো নিয়মিত ফ্লাইট নেই।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে নিয়মিত সূচির বাইরে বিশেষ ফ্লাইট পরিচালনার সুযোগ রয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির। রাষ্ট্রীয় প্রয়োজনে, জরুরি পরিস্থিতিতে কিংবা বিশেষ যাত্রী পরিবহনের ক্ষেত্রে এ ধরনের ফ্লাইট পরিচালনা করা হয়। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালেও বিভিন্ন বিদেশ সফরে বিমানের বিশেষ ফ্লাইট ব্যবহার করেছেন। তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতা আগের পরিস্থিতি থেকে সম্পূর্ণ আলাদা।
বিজ্ঞাপন
এভিয়েশন সংশ্লিষ্টদের মতে, সরকারের সিদ্ধান্ত ও প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিশেষ ফ্লাইট পরিচালনা করতে পারে। এ ক্ষেত্রে উড়োজাহাজ নির্বাচন, পাইলট ও কেবিন ক্রু নির্ধারণ, উড্ডয়ন পরিকল্পনা এবং অন্যান্য পরিচালনাগত প্রস্তুতি সম্পন্ন করতে হবে।
তবে শুধু বাংলাদেশের সিদ্ধান্তে দিল্লিতে বিমান পাঠানো সম্ভব নয়। এ জন্য ভারতীয় কর্তৃপক্ষের অনুমতিও বাধ্যতামূলক।
বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, আগাম অনুমতি ছাড়া কোনো দেশের আকাশসীমায় অন্য দেশের উড়োজাহাজ প্রবেশ করতে পারে না। শুধু অনুমতি পেলেই হবে না, উড়োজাহাজটি কখন আসবে, কোন পথে প্রবেশ করবে এবং কোথায় অবতরণ করবে, সে সম্পর্কেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকে জানাতে হয়।
বিজ্ঞাপন
তার ভাষ্য অনুযায়ী, কোনো দেশের অনুমতি ছাড়া সেই দেশের আকাশসীমায় উড়োজাহাজ প্রবেশ করলে তা আকাশসীমা লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ উড়োজাহাজটিকে প্রতিহত করার ব্যবস্থাও নিতে পারে।
অর্থাৎ বাংলাদেশ সরকার বিশেষ ফ্লাইট পাঠানোর সিদ্ধান্ত নিলেও ভারতের অনুমতি ছাড়া সেই উড়োজাহাজ দিল্লিতে অবতরণ করে শেখ হাসিনাকে নিয়ে আসতে পারবে না।
নির্ধারিত সময়সূচির বাইরে বিশেষ ফ্লাইট পরিচালনা করতে হলে কয়েকটি প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
বিজ্ঞাপন
প্রথমে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিতে হবে। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে উপযুক্ত উড়োজাহাজ, পাইলট ও প্রয়োজনীয় জনবল প্রস্তুত করতে হবে।
পরবর্তী ধাপে ভারতীয় কর্তৃপক্ষের কাছে ফ্লাইটের উদ্দেশ্য, যাত্রীর পরিচয়, সম্ভাব্য সময় এবং নিরাপত্তাব্যবস্থার বিস্তারিত তথ্য দিয়ে অনুমতি চাইতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষের ছাড়পত্র এবং বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের সময়সূচি বা স্লট নিশ্চিত করতে হবে।
এরপর যাত্রীর অভিবাসন, নিরাপত্তা ও কাস্টমসসংক্রান্ত আনুষ্ঠানিকতা এবং বাংলাদেশে অবতরণের পর তাকে গ্রহণের দায়িত্বে থাকা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করতে হবে।
বিজ্ঞাপন
তবে শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি সাধারণ কোনো বিশেষ যাত্রী পরিবহনের মতো নয়। কারণ, তিনি বাংলাদেশের আদালতে দণ্ডিত। তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে প্রত্যর্পণসংক্রান্ত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়াও জড়িত।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশেষ বিমান পাঠানো এবং অন্য একটি দেশ থেকে কাউকে আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করানো সম্পূর্ণ আলাদা বিষয়।
বিমান পাঠানো মূলত পরিবহন ও প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়। কিন্তু ভারতের ভূখণ্ড থেকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হলে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
বিজ্ঞাপন
বাংলাদেশ সরকার বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনতে চাইলে ভারতীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও সম্মতি প্রয়োজন হবে।
এ ক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ ব্যবহার করা হবে, নাকি অন্য কোনো রাষ্ট্রীয় পরিবহনব্যবস্থা কাজে লাগানো হবে, তা নির্ভর করবে দুই দেশের সমঝোতা, আইনি প্রক্রিয়া এবং বাস্তব পরিস্থিতির ওপর।
অর্থাৎ শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজই একমাত্র মাধ্যম—এমন কোনো বাধ্যবাধকতা নেই।
বিজ্ঞাপন
রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকারের অবস্থানে পরিবর্তনের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে দেশে ফেরার সুযোগ দেওয়া হবে না। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কঠোর নিরাপত্তাব্যবস্থার আওতায় রাখা হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান, হেলিকপ্টার কিংবা বাস পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে।
বিজ্ঞাপন
বাংলাদেশের পক্ষ থেকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতের কাছে একাধিকবার অনুরোধ জানানো হয়েছে। তবে এ বিষয়ে দিল্লির পক্ষ থেকে এখন পর্যন্ত বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর মধ্যে বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে দিল্লি দুটি শর্ত দিয়েছে। এর একটি ছিল সামরিক বিমান পাঠিয়ে তাকে নিয়ে যাওয়া।
তবে ভারত সরকারের পক্ষ থেকে এমন কোনো শর্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদও এ ধরনের শর্তের বিষয়ে ভারতের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার কথা জানাননি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট না থাকলেও বিশেষ ফ্লাইট পরিচালনার কারিগরি সুযোগ রয়েছে। প্রয়োজনীয় উড়োজাহাজ, ক্রু, বিমানবন্দরের স্লট এবং আন্তর্জাতিক অনুমোদন পাওয়া গেলে নির্ধারিত সময়সূচির বাইরেও ফ্লাইট পরিচালনা করা সম্ভব।
কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি শুধু একটি বিমান পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নয়। তাকে কোন আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে, ভারত তাকে হস্তান্তরে সম্মত হবে কি না, কোন উড়োজাহাজে তাকে আনা হবে এবং বাংলাদেশে অবতরণের পর কোন সংস্থা তাকে গ্রহণ করবে—এসব প্রশ্নের সমাধান প্রয়োজন।
তাই ১৬ ডিসেম্বর ঢাকা-দিল্লি রুটে বিমানের নিয়মিত ফ্লাইট না থাকাই শেখ হাসিনার দেশে ফেরার প্রধান বাধা নয়। বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা সম্ভব হলেও তার বাস্তবায়ন নির্ভর করবে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত, কূটনৈতিক সমঝোতা এবং প্রয়োজনীয় আইনি অনুমোদনের ওপর।








