Logo

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৬, ১৯:৫৩
যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত ও পেশাদার। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মহড়া শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে। এর সাক্ষী হতে পেরে আমি গর্বিত। জাতির ইতিহাসে এটিই সর্বপ্রথম যৌথ সামরিক মহড়া, যেখানে তিন বাহিনীর স্পেশাল ফোর্স একসঙ্গে অনুশীলন সম্পন্ন করেছে।’

তিনি আরও বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বের দরবারে স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত। এই মহড়ার পেছনে দূরদর্শী চিন্তা সরকারের সামরিক আধুনিকায়নের অঙ্গীকারের প্রতিফলন।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী দেশের গর্ব। ভবিষ্যতে যেকোনো সংকট ও পরিস্থিতিতে দেশের মানুষের জন্য দায়িত্ব পালনে বাহিনীর সদস্যরা অবিচল থাকবেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে প্রথমবারের মতো প্রতীকী যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত স্বর্ণদ্বীপে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা। এ সময় সরকারপ্রধানের সামনে নিজেদের সামরিক সক্ষমতা ও সমন্বিত কার্যক্রম তুলে ধরেন তিন বাহিনীর সদস্যরা।

যৌথ মহড়ার মূল প্রতিপাদ্য ছিল খনিজসম্পদে সমৃদ্ধ স্বর্ণদ্বীপকে শত্রুপক্ষের দখল থেকে মুক্ত করা। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দখল হয়ে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধারের সক্ষমতা প্রদর্শনে স্থল, নৌ ও আকাশপথে সমন্বিত অভিযান পরিচালনা করেন বিশেষায়িত বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

মহড়ায় আকাশপথে প্যারাকমান্ডোদের অবতরণ এবং শত্রুপক্ষের অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালনার মাধ্যমে বিমানবাহিনীর সক্ষমতা তুলে ধরা হয়। অন্যদিকে, নৌ-কমান্ডোদের বিশেষ অভিযান এবং স্থলপথে সম্মুখযুদ্ধে সেনা কমান্ডোদের দক্ষতা প্রদর্শিত হয়।

এ যৌথ প্রশিক্ষণ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।

উল্লেখ্য, নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা স্বর্ণদ্বীপে সেনাবাহিনী দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এবারের মহড়ার মধ্য দিয়ে তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বিত সক্ষমতা ও সামরিক আধুনিকায়নের উদ্যোগ সামনে এসেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD