গণতন্ত্রের নামে আগুন সন্ত্রাস বরদাশত করা হবে না: প্রতিমন্ত্রী

গণতন্ত্রের নামে সহিংসতা, অগ্নিসংযোগ কিংবা জানমালের ক্ষতি কোনোভাবেই বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী গোষ্ঠী অগ্নিসংযোগ ও তাণ্ডব চালিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় পিরোজপুরের নেছারাবাদে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, 'এই সন্ত্রাসী গোষ্ঠীর খুনি হাসিনা যেখানেই থাকুক না কেন, তার স্থান বাংলাদেশে নেই। তার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে। হাসিনার বিচার তো হয়েছেই, তার সঙ্গে যারা দোসর আছে, তাদেরও আমি সাবধান করে দিচ্ছি—আপনারা আর ষড়যন্ত্রের দিকে এগোবেন না।'
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্বাচনী প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
বক্তব্যে তিনি আরও বলেন, রাজনীতি মানে ধ্বংসযজ্ঞ, অগ্নিসংযোগ কিংবা মানুষের জীবন কেড়ে নেওয়া নয়। গণতন্ত্রের ভিত্তি হলো আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা। বিএনপির নেতাকর্মীরা কখনো আইন নিজের হাতে তুলে নেন না।
গোপালগঞ্জ, ভান্ডারিয়া ও নেছারাবাদসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসন সতর্ক রয়েছে এবং সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) নেতাকর্মীরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপিকে শান্তিপূর্ণ রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের মতো ধ্বংসাত্মক রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। অচিরেই গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞাপন
প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে আহম্মদ সোহেল মনজুর বলেন, প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। কোনো নির্দোষ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। তদন্ত কার্যক্রম পরিচালনায় সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী মো. কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসির উদ্দীন তালুকদারসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








