Logo

খাদ্যে ভেজালে জরিমানা কম, শাস্তি বাড়াতে চায় সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১৩:৩৪
খাদ্যে ভেজালে জরিমানা কম, শাস্তি বাড়াতে চায় সরকার
ছবি : জনবাণী গ্রাফিক্স

খাদ্যে ভেজালের মতো গুরুতর অপরাধের তুলনায় বর্তমানে আর্থিক জরিমানার পরিমাণ অনেক কম বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

একই সঙ্গে কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে শুধু কঠোর আইন প্রণয়ন যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন এই উপদেষ্টা। তাঁর মতে, অপরাধের পেছনের সামাজিক কারণ ও অপরাধী তৈরির উৎস বন্ধ করতে হবে। পাশাপাশি বালুমহাল ইজারা নিয়ে ওঠা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

খাদ্যে ভেজালের শাস্তি ও জরিমানার পরিমাণ নিয়ে এক সাংবাদিক উদ্বেগ প্রকাশ করে বলেন, ভেজাল খাবারের কারণে শিশু ও ভবিষ্যৎ প্রজন্ম দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। কিডনি রোগসহ নানা জটিলতা বাড়ার পেছনেও এর প্রভাব রয়েছে। অথচ এ ধরনের অপরাধে দুই হাজার, পাঁচ হাজার কিংবা ১০ হাজার টাকা জরিমানা করা হচ্ছে, যা অপরাধের ভয়াবহতার তুলনায় অত্যন্ত কম।

বিজ্ঞাপন

জবাবে উপদেষ্টা বলেন, ‘মানে কম জরিমানা, শাস্তির পরিমাণ খুব কম। আই অ্যাগ্রি, আই অ্যাগ্রি।’

একই প্রসঙ্গে শীত আসার আগেই বাজারে বিপুল পরিমাণ খেজুরের গুড় পাওয়া যাওয়ার বিষয়টিও তুলে ধরেন ওই সাংবাদিক। এসব গুড়ে রাসায়নিক ব্যবহারের অভিযোগ উল্লেখ করে তিনি বলেন, সামান্য জরিমানা দিয়ে খাদ্যে ভেজাল বন্ধ করা সম্ভব নয়।

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অপরাধের উৎস বন্ধের তাগিদ

বিজ্ঞাপন

কিশোর গ্যাংয়ের অপরাধ নিয়ন্ত্রণে সরকারের অবস্থান তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী ১৮ বছর বয়স পর্যন্ত একজন ব্যক্তিকে শিশু হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশকেও এই আন্তর্জাতিক বিধান অনুসরণ করতে হবে। এ কারণে কিশোর অপরাধীদের সাধারণ কারাগারে না রেখে সংশোধনাগারে রাখার ব্যবস্থা রয়েছে। তাদের ক্ষেত্রে শাস্তি নির্ধারণেও ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে কিশোর অপরাধীদের আটক করা যাবে না, বিষয়টি এমন নয় বলে স্পষ্ট করেন তিনি। অপরাধে জড়িত কিশোরদের আটক করা সম্ভব। কিন্তু সাধারণ অপরাধীদের মতো আচরণ না করলেই কিশোর গ্যাংয়ের সমস্যা সমাধান হয়ে যাবে, এমনটা মনে করেন না তিনি।

উপদেষ্টা বলেন, দেশে কঠোর শাস্তির বিধান থাকার পরও সব অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, বিশেষ ধরনের মাদক ২৫ গ্রাম রাখার অপরাধেও মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তারপরও মাদক নিয়ন্ত্রণে শুধু কঠোর শাস্তি কার্যকর সমাধান হয়ে উঠছে না।

বিজ্ঞাপন

তাঁর মতে, অপরাধের পেছনের কারণ এবং অপরাধী তৈরির সামাজিক প্রক্রিয়া চিহ্নিত করে সেগুলো বন্ধ করার উদ্যোগ নিতে হবে।

জামিনে মুক্ত হয়ে পুনরায় হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ

খুনের মামলায় জামিনে মুক্ত হওয়ার পর একই ব্যক্তির আবার হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ার বিষয়ে প্রশ্ন করা হলে জাহেদ উর রহমান বলেন, জামিন অযোগ্য মামলাতেও বিশেষ পরিস্থিতিতে বিচারকের জামিন দেওয়ার এখতিয়ার রয়েছে।

বিজ্ঞাপন

তিনি ব্যাখ্যা করেন, জামিন অযোগ্য মামলার অর্থ সাধারণত জামিন দেওয়া হবে না। তবে বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হলে বিচারক তা বিবেচনায় নিয়ে জামিন দিতে পারেন।

এ ধরনের বিষয়ে সরকার আইন প্রণয়নের মাধ্যমে ভূমিকা রাখতে পারলেও বিচার বিভাগের সম্পৃক্ততাও গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। এ বিষয়ে বিচার বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করবে সরকার। পাশাপাশি এ ধরনের ঘটনা গণমাধ্যমে বেশি করে তুলে ধরলে বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।

সময়ের প্রয়োজনে পুরোনো আইন সংশোধনের উদ্যোগ

বিজ্ঞাপন

ব্রিটিশ আমলের আইন এখনো দেশে কার্যকর থাকার বিষয়ে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, প্রচলিত অনেক আইনের ভিত্তি পুরোনো হলেও সময়ের সঙ্গে সেগুলোর বেশ কিছু সংশোধন ও আধুনিকায়ন করা হয়েছে। তাই পুরোনো সালের আইন হিসেবে পরিচিত হলেই সেগুলো অপরিবর্তিত অবস্থায় রয়েছে, এমনটি বলা যাবে না।

তবে বর্তমান বাস্তবতা ও সময়ের চাহিদা অনুযায়ী আইন সংশোধন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

আইনকে সফটওয়্যারের সঙ্গে তুলনা করে জাহেদ উর রহমান বলেন, সফটওয়্যার যেমন নির্দিষ্ট সময় পরপর আপগ্রেড করতে হয়, তেমনি আইনকেও প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করতে হবে। এ বিষয়ে সরকার উদ্যোগ নেবে।

বিজ্ঞাপন

বালুমহাল ইজারার অনিয়ম খতিয়ে দেখবে সরকার

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন বালুমহাল ইজারা নিয়ে অনিয়মের অভিযোগও সংবাদ সম্মেলনে উঠে আসে। এক সাংবাদিক অভিযোগ করেন, মন্ত্রণালয়ে আবেদন, মন্ত্রীর ডিও লেটার এবং তদন্ত কমিটি গঠনের মাধ্যমে নতুন করে বিভিন্ন এলাকায় বালুমহাল ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর ফলে নদীতীরবর্তী এলাকার পরিবেশ, মানুষের বসতবাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে বলে জানান তিনি। এমনকি আগে কখনো ইজারা দেওয়া হয়নি, এমন স্থানেও ইজারা দেওয়ার জন্য মন্ত্রণালয় থেকে তদন্ত পাঠানোর অভিযোগ তোলেন ওই সাংবাদিক।

বিজ্ঞাপন

এভাবে নির্ধারিত দরপত্র ও নীতিমালার বাইরে গিয়ে বালু উত্তোলনের সুযোগ তৈরি হচ্ছে কি না, সে প্রশ্নও উত্থাপন করা হয়।

জবাবে জাহেদ উর রহমান বলেন, ‘আমি এই ব্যাপারটা আসলে আপডেট করে নেব। ফাতেমা আপা আছেন, উনি নিশ্চিত এটা নোট নেবেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি মনে করি।’

তিনি আরও বলেন, বালুমহাল নিয়ে অনিয়মের প্রভাব শুধু পরিবেশের ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে মানুষের বাড়িঘর ভেঙে পড়তে পারে, এমনকি নদীর গতিপথও পরিবর্তিত হতে পারে। বিষয়টি কীভাবে ঘটছে, এর পেছনে কী কারণ রয়েছে এবং প্রতিকারে কী পদক্ষেপ নেওয়া যায়, তা খতিয়ে দেখবেন তিনি।

বিজ্ঞাপন

গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে চলছে আলোচনা

গণমাধ্যমের জন্য নতুন নীতিমালা তৈরির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, গত সোমবার জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন। নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করা হচ্ছে। সরকারের নিজস্ব কিছু দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা রয়েছে, সেগুলো বিবেচনায় নিয়েই নীতিমালা তৈরির কাজ এগোচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন বিষয়ে ভিন্নমত ও দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকা স্বাভাবিক।

আরও পড়ুন

নীতিমালা চূড়ান্ত করতে আরও কিছুটা সময় প্রয়োজন হলেও এ কাজে খুব বেশি দেরি হবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা

অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাহেদ উর রহমান।

তিনি বলেন, কিছু অনলাইন পোর্টাল বিভিন্ন জায়গা থেকে সংবাদ সংগ্রহ করে হুবহু কপি করে প্রকাশ করছে। এ ধরনের চর্চা সাংবাদিকতার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠান যাতে কার্যক্রম চালাতে না পারে, তা সরকার নিশ্চিত করতে চায় বলে জানান তিনি। এ জন্য ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরেও এ ধরনের অনেক অনলাইন পোর্টাল রয়েছে। সেগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তবে নিবন্ধনের জন্য আবেদন করা অনেক অনলাইন পোর্টালের পুলিশ ভেরিফিকেশন, বিশেষ শাখা (এসবি) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যাচাই এখনো শেষ হয়নি বলে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘যারা নিবন্ধনের জন্য আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে কিছু প্রক্রিয়াগত বিলম্ব হচ্ছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে সম্প্রতি আলোচনা হয়েছে। যারা নিবন্ধনের যোগ্য, তারা খুব বেশি দেরি না করে নিবন্ধন পেয়ে যাবেন বলে আশা করি।’

সরকারের পক্ষ থেকে খাদ্যে ভেজাল প্রতিরোধ, কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, বালুমহাল ব্যবস্থাপনা এবং গণমাধ্যমের শৃঙ্খলা প্রতিষ্ঠার মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে উঠে আসে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD