Logo

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: তথ্য প্রতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৪:৫২
বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: তথ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এবং সংবাদ প্রকাশ বা বর্জনের ক্ষেত্রে কোনো ধরনের চাপ প্রয়োগ করে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, সংবাদ হতে হবে বাস্তবভিত্তিক ও দায়িত্বশীল।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থও বক্তব্য দেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় কাজ করছে সরকার। এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণমাধ্যম যে দায়িত্ব পালন করেছে, তা ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে সরকার। গণমাধ্যমকর্মীদের সমস্যা, দাবি ও প্রত্যাশা শোনা এবং সেগুলোর সমাধানের পথ খুঁজতেই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইয়াসের খান চৌধুরী বলেন, “আমরা আপনাদের কথা শোনার জন্যই আজ আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের দাবি-দাওয়াগুলো আমরা লিপিবদ্ধ করেছি। আমরা আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে চাই।”

১২ মে ২০২৫ তারিখে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনের প্রসঙ্গ তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ওই প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সংবাদ প্রকাশের সময় সংশ্লিষ্ট বিধিনিষেধ ও আইনের প্রতি গণমাধ্যমকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।

দেশের স্থিতিশীলতা বিঘ্নিত হতে পারে কিংবা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে—এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন প্রতিমন্ত্রী। বিশেষ করে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ও প্রচার-প্রচারণা নিয়ে সংবাদ পরিবেশনে বিদ্যমান আইন ও সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় রাখার কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

অনলাইন সংবাদমাধ্যমের দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতা নিয়েও সতর্ক করেন ইয়াসের খান চৌধুরী। তাঁর মতে, বিদেশের কোনো ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের সময় শিরোনামে স্থান বা দেশের নাম উল্লেখ না থাকলে পাঠক বিভ্রান্ত হতে পারেন। এমনকি বাংলাদেশের ভেতরে কোনো ঘটনা ঘটেছে বলে আতঙ্ক ছড়ানোর আশঙ্কাও থাকে। তাই শিরোনাম ও প্রতিবেদনে ঘটনার সঠিক প্রেক্ষাপট তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।

বিগত ১৭ বছরে গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ, সংবাদমাধ্যম বন্ধ, সাংবাদিকদের হয়রানি, গুম ও হত্যার মতো ঘটনা সংবাদকর্মীদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি করেছিল বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সেই পরিস্থিতি কাটিয়ে উঠতে সময় লাগলেও বর্তমান সরকার গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ বা চাপ প্রয়োগের নীতিতে বিশ্বাসী নয় বলে জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা খোলামনে লিখবেন, তবে যা বাস্তব, তা-ই লিখবেন। সরকারের ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরবেন। এতে কোনো বাধা নেই। একইভাবে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের যেসব উদ্যোগ রয়েছে, সেগুলোও তুলে ধরবেন।”

বিজ্ঞাপন

অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও স্বীকৃতির বিষয়েও সরকারের উদ্যোগের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন, স্বীকৃতি ও সুযোগ-সুবিধা নিয়ে কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা চলছে। এ প্রক্রিয়া কীভাবে এগিয়ে নেওয়া যায়, তা নির্ধারণে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

যাচাই-বাছাইয়ের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি দ্রুত বাস্তবায়ন সম্ভব নয়। এ ক্ষেত্রে বাজেট ও জনস্বার্থের বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে।

মতবিনিময় সভায় অনলাইন এডিটরস ফোরামের নেতারা নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন বরাদ্দ, পোর্টালের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করা এবং ফেসবুক থেকে অর্জিত আয়ের অংশ পাওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। এ সময় তাঁরা প্রতিমন্ত্রীর কাছে একটি লিখিত প্রস্তাবনাও হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

সভায় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডট কমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু, সদস্য সচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছসহ সংগঠনের অন্যান্য নেতা বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুণ জামিল, খবরের সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন, রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় এবং জাগো নিউজের সম্পাদক কে. এম. জিয়াউল হক।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD