তুরস্কে সাংবাদিক বসির হোসেন বাবুর সঙ্গে ছিনতাইয়ের ঘটনায় র্যাকের উদ্বেগ

তুরস্কের ইস্তাম্বুলে বাসে ভ্রমণের সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি ও রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক)-এর সদস্য বসির হোসেন বাবু। এ ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে সাংবাদিকদের সংগঠন র্যাক।
বিজ্ঞাপন
একই সঙ্গে চুরি হওয়া অর্থ উদ্ধারে তদন্ত এবং ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১১ নভেম্বর) র্যাকের দপ্তর সম্পাদক মাসুদ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক তাবারুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব, মানবতার ভবিষ্যৎ এবং জলবায়ু ন্যায্যতার বিষয়গুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরতে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ (COP31) কাভার করতে তুরস্কে গিয়ে একজন সাংবাদিকের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
বিজ্ঞাপন
ভুক্তভোগী সাংবাদিকের বর্ণনা অনুযায়ী, ইস্তাম্বুল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের একটি এলাকায় বাসে যাতায়াতের সময় দুর্বৃত্তরা কৌশলে তাঁর ব্যাগ থেকে ডলার চুরি করে। ঘটনার পর পরিবহনকর্মীদের কাছ থেকেও প্রত্যাশিত সহযোগিতা পাননি তিনি। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
র্যাকের নেতারা মনে করেন, আন্তর্জাতিক সম্মেলন কিংবা গুরুত্বপূর্ণ সংবাদ সংগ্রহের কাজে বিদেশে অবস্থানরত সাংবাদিকদের নিরাপত্তা, মর্যাদা এবং পেশাগত দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। বিদেশের মাটিতে কোনো সাংবাদিক অপরাধের শিকার হলে দ্রুত আইনি ও প্রশাসনিক সহযোগিতা পাওয়া তাঁর অধিকার।
এ অবস্থায় তুরস্কের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশ দূতাবাসের প্রতি ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছে র্যাক। পাশাপাশি চুরির ঘটনায় প্রয়োজনীয় তদন্ত, খোয়া যাওয়া অর্থ উদ্ধারের উদ্যোগ এবং ভুক্তভোগী সাংবাদিককে আইনি ও মানবিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞাপন
বিবৃতিতে আরও বলা হয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং তাঁরা কোনো বিপদে পড়লে দ্রুত সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
র্যাকের মতে, সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের মানুষের কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিদেশের মাটিতে তাঁদের অনিরাপদ ও অসহায় পরিস্থিতির মুখোমুখি হওয়া কোনোভাবেই কাম্য নয়।
বিবৃতির শেষাংশে ভুক্তভোগী সাংবাদিক বসির হোসেন বাবুর প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেছে সংগঠনটি। একই সঙ্গে তাঁর মানসিক দৃঢ়তা এবং নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানিয়েছে র্যাক।








