ক্রীড়া সাংবাদিক শফিকুল ইসলাম শামীমের পিতা মারা গেছেন

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির (বিএসজেসি) সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাবের জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম শামীমের বাবা মো. আবদুস শহীদ আর নেই।
বিজ্ঞাপন
রবিবার (১ নভেম্বর) সকালে ঢাকার উত্তর মুগদাপাড়ায় নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সকাল ৭টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার বাদ মাগরিব বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বিজ্ঞাপন
এদিকে শফিকুল ইসলাম শামীমের বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি (বিএসজেসি)। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি কামাল হোসেন বাবলু ও সিনিয়র সহ-সভাপতি জাহেদ হোসেন খোকন শোক ও দুঃখ প্রকাশ করেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।








