২০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে বসছে বাচসাস নির্বাচনের ভোট

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন আগামী ২০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। গত ৮ অক্টোবরের যৌথসভায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ।
বিজ্ঞাপন
তিনি জানান, গত ৮ অক্টোবর নির্বাচন পরিচালনা কমিটির সভায় ভোট গ্রহণের তারিখ চূড়ান্ত করা হয়। পরে মঙ্গলবার দ্বিতীয় দফার যৌথসভায় চূড়ান্ত ভোটার তালিকা হস্তান্তর করা হয়েছে। এ সময় নির্বাচন কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার এরফানুল হক নাহিদ বলেন, ‘বর্তমান কার্যনির্বাহী কমিটি যথাসময়ে আমাদের দায়িত্ব স্থানান্তর করেছে। এ জন্য কমিটিকে ধন্যবাদ। আমরা এই কমিটির সহযোগিতায় একটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করব।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাচসাসের ২০২৪-২০২৬ মেয়াদের সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুলও এবারের নির্বাচন ঘিরে আশাবাদ ব্যক্ত করেছেন। যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, ‘নির্বাচন নিয়ে অনেকেই আগ্রহভরে অপেক্ষা করছেন। আমরা আশা করছি, সবার অংশগ্রহণে এবারও উৎসবমুখর একটি নির্বাচন হবে।’
বিজ্ঞাপন
যৌথসভায় বাচসাসের বর্তমান কার্যনির্বাহী পরিষদের সহসাধারণ সম্পাদক আবু সুফিয়ান রতন, অর্থ সম্পাদক রুহুল সাখাওয়াত, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া এবং নির্বাহী সদস্য সাজু আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এরফানুল হক নাহিদ। কমিশনের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক ইমরুল শাহেদ, আমিনুল ইসলাম রাজু, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।








