Logo

সাংবাদিক বশির বাবুকে হুমকির অভিযোগে ডিআরইউর উদ্বেগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ অক্টোবর, ২০২৬, ২০:৫১
সাংবাদিক বশির বাবুকে হুমকির অভিযোগে ডিআরইউর উদ্বেগ
ফাইল ছবি।

সাংবাদিক বশির হোসেন বাবুকে মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দেওয়ার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

বিজ্ঞাপন

শনিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, জনস্বার্থে সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক যাতে ভয়ভীতি, হুমকি কিংবা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।

সাংবাদিক বশির হোসেন বাবুর অভিযোগ, শুক্রবার (২৩ অক্টোবর) জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া তাকে মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দিয়েছেন। ডিআরইউ নেতৃবৃন্দ এ অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্যের যথার্থতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নীতিমালা অনুসরণ করা যেমন জরুরি, তেমনি সংবাদ প্রকাশের জেরে কোনো সাংবাদিককে ভয়ভীতি প্রদর্শন কিংবা পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

বিজ্ঞাপন

তারা বলেন, সংবাদ প্রকাশ নিয়ে কোনো আপত্তি বা মতপার্থক্য থাকলে তা গণতান্ত্রিক ও আইনসম্মত উপায়ে সমাধান করা উচিত। কোনো ধরনের হুমকি বা ভয়ভীতি প্রদর্শন স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করতে পারে।

ডিআরইউ নেতৃবৃন্দ সাংবাদিক বশির হোসেন বাবুর অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দেশে স্বাধীন সাংবাদিকতার অনুকূল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD