Logo

তুরস্কে সাংবাদিক বসিরের সঙ্গে ছিনতাইয়ের ঘটনায় ডিআরইউর উদ্বেগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ১২:০৬
তুরস্কে সাংবাদিক বসিরের সঙ্গে ছিনতাইয়ের ঘটনায় ডিআরইউর উদ্বেগ
ফাইল ছবি।

তুরস্কের ইস্তাম্বুলে বাসে ছিনতাইয়ের শিকার হয়েছেন দৈনিক জনবাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য বসির হোসেন বাবু। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাঁর অর্থ ও মূল্যবান সামগ্রী খোয়া যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছে ডিআরইউ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ উদ্বেগ প্রকাশ করেন।

একই সঙ্গে বিদেশে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো বিপদে দ্রুত সহায়তা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন ডিআরইউ নেতারা।

তাঁরা ভুক্তভোগী সাংবাদিক বসির হোসেন বাবুর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে তাঁরা বলেন, জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ (COP31) কাভার করতে তুরস্কে গিয়ে একজন সাংবাদিকের এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও জলবায়ু ন্যায্যতার মতো গুরুত্বপূর্ণ বিষয় বিশ্ববাসীর সামনে তুলে ধরতে গিয়ে তাঁকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

সাংবাদিকের বর্ণনা অনুযায়ী, ইস্তাম্বুল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরের একটি এলাকায় বাসে ভ্রমণের সময় কৌশলে তাঁর ব্যাগ থেকে ডলার চুরি করা হয়। ঘটনার পর পরিবহনকর্মীদের কাছ থেকেও প্রত্যাশিত সহযোগিতা পাননি তিনি।

ডিআরইউ নেতারা বলেন, আন্তর্জাতিক সম্মেলন ও গুরুত্বপূর্ণ সংবাদ কাভার করতে বিদেশে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। বিদেশের মাটিতে কোনো সাংবাদিক অপরাধের শিকার হলে দ্রুত আইনি ও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া তাঁর অধিকার।

বিজ্ঞাপন

বিবৃতিতে তুরস্কের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাসের প্রতি ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় তদন্ত, চুরি যাওয়া অর্থ উদ্ধারের উদ্যোগ এবং ভুক্তভোগী সাংবাদিককে আইনি ও মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD