Logo

দেশের নিরাপত্তা কাঠামো ঢেলে সাজাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ১৩:০২
দেশের নিরাপত্তা কাঠামো ঢেলে সাজাতে বড় উদ্যোগ নিয়েছে সরকার
ছবি: সংগৃহীত

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী ও আধুনিক করতে বড় ধরনের উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো পুনর্নির্মাণ, অত্যাধুনিক নজরদারি প্রযুক্তির ব্যবহার এবং জরুরি সেবা সম্প্রসারণকে গুরুত্ব দিয়ে এসব উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ২৫টি উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। পাশাপাশি ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে আরও ৬৭টি নতুন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো বিভিন্ন বাহিনীর কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়ানো, পুরোনো ও জরাজীর্ণ স্থাপনা আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা এবং জননিরাপত্তা ও পুনর্বাসন কার্যক্রমের পরিধি বাড়ানো।

সরকারের বৃহত্তর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ নিরাপত্তা খাতের এই আধুনিকায়ন উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প নির্বাচনি ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চবার্ষিক পরিকল্পনার কৌশলগত লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হচ্ছে।

প্রকল্প বাস্তবায়নে গতি ও দক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশন সমন্বিত কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে। একই ধরনের প্রকল্পগুলোকে পৃথকভাবে বাস্তবায়নের পরিবর্তে বড় কর্মসূচির আওতায় একীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কাজের পুনরাবৃত্তি কমার পাশাপাশি বরাদ্দ করা অর্থ ও সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

চলমান ২৫ প্রকল্পে বরাদ্দ ২ হাজার ৩৩৯ কোটি টাকা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বর্তমানে ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পের মধ্যে ১৭টি সরাসরি অবকাঠামো উন্নয়ন ও নির্মাণসংক্রান্ত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চলমান প্রকল্পগুলোর জন্য সরকার মোট ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে সরকারি নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে।

বিজ্ঞাপন

তবে বরাদ্দের বিপরীতে অর্থ ব্যয়ের চিত্র তুলনামূলকভাবে ধীর। ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত এসব প্রকল্পে ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা। ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

এদিকে চলমান প্রকল্পের বাইরে সংশোধিত এডিপির আওতায় আরও ৬৭টি নতুন প্রকল্পের প্রস্তাব দিয়েছে নয়টি অধিদপ্তর ও সংস্থা। ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে এসব উদ্যোগের সুফল পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

পুলিশের জন্য বড় অঙ্কের বিনিয়োগ

বিজ্ঞাপন

নতুন উন্নয়ন পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ পুলিশ। বাহিনীর কার্যক্রম পরিচালনার সক্ষমতা পুনরুদ্ধার, যানবাহনের সংকট দূর করা এবং বিভিন্ন স্থাপনার আধুনিকায়নে বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পুলিশের জন্য দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে।

এর মধ্যে ৪ হাজার ৩২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন কেনা হবে। পাশাপাশি ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে আরও ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

পুলিশের অবকাঠামো উন্নয়নেও বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে জরাজীর্ণ ১২৫টি থানা পুনর্নির্মাণের প্রস্তাব রয়েছে। এ ছাড়া ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের প্রস্তাব পুনর্মূল্যায়ন করছে সরকার।

আধুনিক পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং নির্বাচিত আঞ্চলিক ইউনিটগুলোর জন্য স্মার্ট পুলিশিং কার্যক্রমও পরিকল্পনায় রাখা হয়েছে। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন ব্যবস্থার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজিবির নজরদারিতে যুক্ত হচ্ছে ড্রোন ও আধুনিক প্রযুক্তি

বিজ্ঞাপন

সীমান্ত নিরাপত্তা জোরদার এবং নজরদারি সক্ষমতা বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এসব উদ্যোগে নতুন অবকাঠামো নির্মাণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

পরিকল্পনার মধ্যে রয়েছে ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামোগত উন্নয়ন।

এ ছাড়া সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান পরিচালনার সক্ষমতা বাড়াতে ড্রোন, অ্যান্টি-ড্রোন প্রযুক্তি এবং উন্নত পরীক্ষাগার সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে ‘স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ নামে একটি বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বিজ্ঞাপন

বিজিবির প্রশিক্ষণ ও কার্যক্রম সম্প্রসারণে চুয়াডাঙ্গায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো আরও উন্নত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

সমুদ্র নিরাপত্তায় কোস্ট গার্ডের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ

সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌযান রক্ষণাবেক্ষণের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ কোস্ট গার্ডের জন্য দুটি বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

বিজ্ঞাপন

এর পাশাপাশি বাহিনীর দ্রুত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়াতে ১৩টি উচ্চগতির বোট কেনার পৃথক প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ফায়ার সার্ভিসের নতুন স্টেশন ও অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ

জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া এবং দুর্ঘটনা মোকাবিলার সক্ষমতা বাড়ানোও সরকারের উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।

বিজ্ঞাপন

এ লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জন্য ২০টি ফায়ার স্টেশন নির্মাণ ও পুনর্নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি অ্যাম্বুলেন্স সেবার পরিধি বাড়ানো এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনাসহ অতিরিক্ত অবকাঠামো নির্মাণের উদ্যোগ রয়েছে।

মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে নতুন কেন্দ্র

মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি আসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণের পরিকল্পনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এর আওতায় ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ করা হবে। পাশাপাশি দেশের সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

এ ছাড়া অপরাধ তদন্তে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে খুলনা, রংপুর ও ময়মনসিংহে আধুনিক পরীক্ষার সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

কারাগার সংস্কার ও পুরোনো স্থাপনা সংরক্ষণ

কারাগারের অবকাঠামোগত উন্নয়নকেও অগ্রাধিকার দিচ্ছে সরকার। নতুন প্রকল্পগুলোর আওতায় ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ এবং জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ করা হবে। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় পুরান ঢাকার পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের উদ্যোগও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

আনসার-ভিডিপির অবকাঠামো উন্নয়ন

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) জন্যও নতুন অবকাঠামো নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বাহিনীর দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন কর্মসূচির আওতায় আরও ১২টি অস্ত্রাগার নির্মাণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি আনসার-ভিডিপি একাডেমির অবকাঠামোগত উন্নয়ন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

সব মিলিয়ে পুলিশ, বিজিবি, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কারা অধিদপ্তর এবং আনসার-ভিডিপির সক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনার লক্ষ্য নিয়েছে সরকার। তবে চলমান প্রকল্পগুলোর অর্থ ব্যয়ের ধীরগতি কাটিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করাই এখন বড় চ্যালেঞ্জ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD