Logo

শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করতেই হবে: ডা. জাহেদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর, ২০২৬, ১৩:৩৮
শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণ করতেই হবে: ডা. জাহেদ
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। বাংলাদেশের পক্ষ থেকে তাকে প্রত্যর্পণের দাবি অব্যাহত থাকবে এবং তাকে ফিরিয়ে আনতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনার বিচার বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ীই হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জের সহিংসতায় আওয়ামী লীগের সম্পৃক্ততা এবং দলটির নেতাকর্মীদের বিভিন্ন পরিচয়ে আত্মগোপনে থাকার বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ কোনো ন্যায্য আন্দোলনের মধ্যে নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সুযোগ খুঁজে থাকে। পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন ছিল যৌক্তিক। শ্রমিকরা নিজেদের দাবি ও দুর্ভোগের কথা জানাতে রাস্তায় নেমেছিলেন। কিন্তু সেই পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করেছে আওয়ামী লীগ।

তিনি বলেন, এ ধরনের ঘটনা যেখানেই ঘটুক, শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব সরকারের ওপরই পড়ে। বিভিন্ন স্থানে চিহ্নিত আওয়ামী লীগের নেতাকর্মী, সাঈদ খোকন কিংবা সরকারি কর্মকর্তাদের পোশাকে থাকা দলটির সদস্যদের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নজরদারি রয়েছে।

বিজ্ঞাপন

জাহেদ উর রহমান বলেন, আমি আপনাকে নিশ্চিত করি, আমরা দ্রুত এই জিনিসগুলো ম্যানেজ করতে পারব। এটা সরকারেরই অনেক বড় মাথাব্যথা। সরকার এটা করবে, নিশ্চিত।

আরও পড়ুন

বিজ্ঞাপন

দীর্ঘদিনের স্বৈরশাসনের পর গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হওয়া বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি তুলনা করার ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

তাঁর মতে, বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে শ্রীলঙ্কা ও নেপালের তুলনা যথাযথ নয়। ওই দুই দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন হলেও সেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় ছিল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি।

বিজ্ঞাপন

বরং বাংলাদেশের পরিস্থিতির সঙ্গে তিউনিসিয়া, মিসর, লিবিয়া ও ইয়েমেনের তুলনা করা যেতে পারে বলে মনে করেন তিনি। এসব দেশের তুলনায় ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। তবে দেশের প্রাতিষ্ঠানিক দুর্বলতা এখনো কাটেনি। পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ করার পর্যায়ে পৌঁছাতে আরও সময় প্রয়োজন।

আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আতঙ্ক ছড়ানোর অভিযোগ

বিদেশে অবস্থানরত সাবেক ছাত্রলীগ সভাপতির নির্দেশে গত ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে এক সাংবাদিক জানতে চান, বিদেশ থেকে বিভিন্ন কর্মসূচির ঘোষণা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি করা হচ্ছে কি না।

বিজ্ঞাপন

বিশেষ করে ১৯ নভেম্বর যানবাহন চলাচল বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ বিভিন্ন বিষয়ে গুজব ছড়ানোর অভিযোগও তুলে ধরেন তিনি।

জবাবে জাহেদ উর রহমান বলেন, মূলধারার গণমাধ্যমে এ ধরনের আলোচনা এখন তুলনামূলক কম দেখা গেলেও কিছু ব্যতিক্রম রয়েছে। মূলধারার গণমাধ্যমের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমের মতো আচরণ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিষয়টি নজরদারিতে রাখার জন্য সংশ্লিষ্টদের আবারও নির্দেশনা দেবেন বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি নিজেও বিষয়টি পর্যবেক্ষণ করবেন বলে উল্লেখ করেন। এ সময় সংশ্লিষ্ট পিআইওসহ দায়িত্বপ্রাপ্ত অন্যদেরও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান।

বিজ্ঞাপন

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কোনো শর্তের তথ্য নেই

শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দুটি শর্তের কথা উল্লেখ করা হয়েছিল। এর মধ্যে রয়েছে সামরিক ব্যবস্থায় তাকে বাংলাদেশে পাঠানো এবং নতুন করে বিচার বা আপিলের সুযোগ দেওয়া। এ বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চান এক সাংবাদিক।

জবাবে জাহেদ উর রহমান বলেন, কোনো সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনকে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, একটা রাষ্ট্র বা সরকার কখনো অফিসিয়ালি যদি কোনো রকম কোনো কথা অপর রাষ্ট্র থেকে না পায়, না জানে, তাহলে সে এটাতে রেসপন্স করার কোনো কারণ নেই। এটা একদম সোজাসাপ্টা কথা।

তিনি আরও জানান, পররাষ্ট্রমন্ত্রী ও সংশ্লিষ্ট সমন্বয়ক এ বিষয়ে কথা বলেছেন। তবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের পক্ষ থেকে কোনো শর্ত দেওয়ার বিষয়টি বিশ্বাস করেন না তিনি।

বাংলাদেশ ভারতীয় চাপের মুখে রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একেবারেই না, একেবারেই না।’

বিজ্ঞাপন

জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক ও রাষ্ট্রীয় বাস্তবতায় পরিবর্তন এসেছে। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সব দেশের সঙ্গে নিজেদের জাতীয় স্বার্থ ও প্রয়োজন বিবেচনা করে সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। তবে অন্যায় চাপ প্রয়োগ করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না।

তিনি বলেন, বাংলাদেশ আলোচনায় বিশ্বাসী এবং সব পক্ষের সঙ্গে কথা বলতে চায়। কিন্তু যেখানে বাংলাদেশের অবস্থান আইনগতভাবে সঠিক, সেখানে চাপ কিংবা শর্তের মাধ্যমে কোনো কিছু মেনে নেওয়া হবে না।

প্রত্যর্পণ চুক্তি মেনেই ভারতকে আবেদন

বিজ্ঞাপন

শেখ হাসিনাকে দেশে ফেরত চেয়ে ২০২৪ সালের ২৩ জুলাই ভারতের কাছে পাঠানো বাংলাদেশের কূটনৈতিক পত্রের বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানতে চান এক সাংবাদিক।

প্রশ্ন করা হয়, ওই আবেদনে দুই দেশের প্রত্যর্পণ চুক্তির ৭ অনুচ্ছেদের ১ উপধারা অনুসরণ করা হয়েছিল কি না এবং ৭ অনুচ্ছেদের ২ উপধারা অনুযায়ী প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছিল কি না।

জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন করার সময় নিশ্চয়ই দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বিধান অনুসরণ করেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এ ছাড়া ভারতের ফৌজদারি আইনে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মতো অপরাধের পৃথক বিধান এবং প্রত্যর্পণ চুক্তির ১২ অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর না করার নিশ্চয়তা দেওয়ার বিষয়েও প্রশ্ন ওঠে।

জাহেদ উর রহমান বলেন, এসব বিষয় রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। তবে শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইন অনুযায়ীই সম্পন্ন হবে, এ বিষয়ে সরকারের অবস্থান অপরিবর্তিত।

তিনি বলেন, মৃত্যুদণ্ড বাংলাদেশে এই অপরাধের জন্য আছে, সুতরাং তিনি আসবেন এবং আমাদের আইনমন্ত্রী জানিয়েছেন, তিনি যে এখন আর আপিলেরও সুযোগ পাবেন না, আপনারা দেখেছেন এটা, সেটা তার বাবার তৈরি করা আইনই ছিল। সুতরাং আমরা ওই আইনটাই ফলো করছি।

প্রত্যর্পণের বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান তুলে ধরে তিনি বলেন, সরকারের অবস্থান বটম লাইন হচ্ছে, তাকে প্রত্যর্পণ করতে হবে। এটা হচ্ছে, এটা আমি গত ব্রিফিংয়ে বলেছি, আমাদের অন্য মন্ত্রীরাও বলেছেন।

শেখ হাসিনাকে প্রত্যর্পণের পরিবর্তে তিনি নিজে দেশে ফিরবেন কি না, এমন সম্ভাবনার প্রসঙ্গ তুলে সাংবাদিক প্রশ্ন করলে জাহেদ উর রহমান বলেন, সেটি ছিল একটি সম্ভাব্য বিকল্পের আলোচনা। তবে গত সপ্তাহে সরকার এ বিষয়ে নিজেদের অবস্থান বিস্তারিত ও স্পষ্টভাবে তুলে ধরেছে।

তিনি আরও বলেন, সরকারের বক্তব্যে কোনো ধরনের অসংগতি নেই। তিনি নিজে এবং সরকারের অন্যান্য মন্ত্রীরাও একই অবস্থান জানিয়ে আসছেন। ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে সরকার অনড় রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD