সাহস থাকলে দেশে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে: হাসিনার উদ্দেশে গণপূর্তমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার চ্যালেঞ্জ জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তাকে উদ্দেশ করে মন্ত্রী বলেছেন, ‘সাহস থাকলে আপনি দেশে আসেন, আপনার ফাঁসির আদেশ হয়েছে।’
বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আওয়ামী লীগের আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরেন জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে বিএনপি।
মন্ত্রী বলেন, আমরা পুলিশ কিংবা বিডিআরের ওপর নির্ভর করব না, বিএনপি নিজেই মাঠে থাকবে। আমাদের শক্তি জনগণ। বিএনপি জনগণের ভোটে সরকারে এসেছে এবং জনগণই তাদের পাশে থাকবে।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত জনতার কাছে আওয়ামী লীগের পুনরায় ক্ষমতায় আসা কিংবা স্বৈরাচারী শাসন ফিরে আসার বিষয়ে মতামত জানতে চান তিনি। জবাবে উপস্থিত ব্যক্তিরা নেতিবাচক প্রতিক্রিয়া জানান।
শেখ হাসিনার বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে ফাঁসির আদেশ হলে আইন অনুযায়ী তার আপিল ও উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। আইনি প্রক্রিয়ায় চূড়ান্ত রায় হলে তা কার্যকর করা হবে। ক্ষমতাচ্যুত ব্যক্তিরা দেশে ফিরে এলে জনগণ তাদের ক্ষমা করবে কি না, সেই সিদ্ধান্তও জনগণই নেবে বলে মন্তব্য করেন তিনি।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন জাকারিয়া তাহের সুমন। এ প্রসঙ্গে ঢাকার বিভিন্ন স্থানে বাস ও ট্রাকে অগ্নিসংযোগ এবং পোশাকশ্রমিকদের টাকা পাঠানোর বিষয়টি উল্লেখ করেন তিনি। এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা দেশের মানুষ বুঝতে পারছে বলেও দাবি করেন গণপূর্তমন্ত্রী।
বিজ্ঞাপন
ভাউকসার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন, বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।








