এক জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ, ভাগ্য খুলল জেলেদের

সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলারের জালে ধরা পড়েছে বিপুল পরিমাণ লাল কোরাল ও চাপা সুরমা মাছ। একবারের জাল ফেলাতেই পাওয়া গেছে মোট ৮৬০টি মাছ, যেগুলোর বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
বিজ্ঞাপন
শনিবার (১৪ নভেম্বর) টেকনাফের শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ শফিকের মালিকানাধীন ট্রলারটিতে এসব মাছ ধরা পড়ে। মাছের মধ্যে ৪৬০টি লাল কোরাল এবং ৪০০টি চাপা সুরমা রয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) দুপুরে মাছগুলো শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ঘাটের ফিশারিতে আনা হয়। পরে সেখানে প্রায় ১০ লাখ টাকায় পুরো মাছ বিক্রি করা হয়।
ট্রলারমালিক মোহাম্মদ শফিক জানান, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়া ঘাট থেকে বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রলারটি। হাফেজ উল্লাহ মাঝির নেতৃত্বে এতে ১১ জন মাঝিমাল্লা ছিলেন। সন্ধ্যায় দ্বীপের উত্তর পাশে সেন্টমার্টিন চ্যানেলে পৌঁছে ট্রলারটি নোঙর করা হয়। এরপর সাগরে জাল ফেলে অপেক্ষা করেন জেলেরা। ভোরের দিকে জালে উঠে আসে লাল কোরাল ও চাপা সুরমা মাছের বড় একটি দল।
বিজ্ঞাপন
মাছ ব্যবসায়ী মোহাম্মদ লালু বলেন, ‘ধরা পড়া কোরাল মাছ এরইমধ্যে কক্সবাজার ও ঢাকায় সরবরাহ করা হয়েছে। সেখানে প্রতিকেজি ৭০০-৭৫০ টাকা দরে বিক্রি করা হবে। কক্সবাজার ও ঢাকা শহরের হোটেলগুলোতে এই মাছের চাহিদা একটু বেশি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, ‘একসঙ্গে এতগুলা মাছ পাওয়া আসলেই খুশির খবর। লাল কোরাল খুবই সুস্বাদু মাছ। এই মাছ ঝাঁক বেঁধে প্রবালের স্তূপে বিচরণ করে। তাই সেন্টমার্টিন সংলগ্ন এলাকায় এই মাছগুলো বেশি ধরা পড়ে। লাল কোরাল সর্বোচ্চ ৯ কেজি পর্যন্ত হয়ে থাকে।’








