আমার স্বামী নির্দোষ, মোবাইল হ্যাক হয়েছিল: এসপি জাহাঙ্গীরের স্ত্রী মাসুমা

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ রেঞ্জ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের পক্ষে নির্দোষ হওয়ার দাবি করেছেন তার স্ত্রী মাসুমা আক্তার। তার অভিযোগ, স্বামীর মোবাইল ফোন হ্যাক হয়েছিল। এ ঘটনার প্রকৃত সত্য তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে স্বামীর রিমান্ড শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব দাবি করেন মাসুমা আক্তার।
এর আগে শনিবার (১৪ নভেম্বর) রাতে রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
স্বামীর চাকরিজীবন ও অতীত কর্মস্থলের তথ্য যাচাই করার আহ্বান জানিয়ে মাসুমা বলেন, তার স্বামী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন না। এমনকি ছাত্রলীগের সঙ্গেও তার কোনো সম্পৃক্ততা ছিল না। কোনো ধরনের তদবির বা লবিংয়ের মাধ্যমে তিনি চাকরি পাননি বলেও দাবি করেন স্ত্রী।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মেধার ভিত্তিতেই তার স্বামী চাকরি পেয়েছিলেন বলে তিনি জানেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জাহাঙ্গীর আলমকে ষড়যন্ত্রের শিকার দাবি করে মাসুমা আক্তার বলেন, তার স্বামী কখনো রাজনীতি করেননি, ফাঁদে পড়েছেন। তিনি নির্দোষ। বাকি বিষয়গুলো তদন্তের মাধ্যমে পরিষ্কার হবে। তার মোবাইল ফোন হ্যাক হয়েছিল।
স্বামীর পারিবারিক ও রাজনৈতিক পরিচয় তুলে ধরে মাসুমা বলেন, তার বাবার পেশা ছিল কৃষিকাজ। কৃষকের সন্তান হিসেবে নিজ প্রচেষ্টায় লেখাপড়া করে চাকরিতে যোগ দিয়েছেন জাহাঙ্গীর আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তার পাশাপাশি পরিবারের রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট এলাকার মানুষের সঙ্গে কথা বলার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
এ সময় গণমাধ্যমে স্বামীর বিষয়ে ভুল তথ্য প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন মাসুমা আক্তার। তবে মোবাইল ফোন হ্যাক হওয়ার দাবি এবং মামলার অন্যান্য অভিযোগের বিষয়ে তদন্তের ফল এখনো জানা যায়নি।








