Logo

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে গোপন তথ্য সরবরাহের অভিযোগে এসপি গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ নভেম্বর, ২০২৬, ১১:৩৫
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে গোপন তথ্য সরবরাহের অভিযোগে এসপি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) রাতে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে জাহাঙ্গীর আলমের যোগাযোগের বিষয়টি সামনে আসে। একই সঙ্গে পুলিশের অভ্যন্তরীণ ও গুরুত্বপূর্ণ তথ্য দলটির নেতাদের কাছে সরবরাহের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। এ ছাড়া দলটির নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি দল সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, ‘শনিবার মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।’

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পরদিন বুধবার (১১ নভেম্বর) তাকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়লে তখন তা অস্বীকার করে ডিআইজি জানিয়েছিলেন, অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।

২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশে যোগ দেন ২৮তম ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলম। তার বিরুদ্ধে চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামের নেতৃত্বে বিভাগীয় তদন্তও চলমান রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে বলে জানানো হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD