শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গিবিরোধী অভিযানের নামে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে নয় তরুণকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। শুনানিকে কেন্দ্র করে কারাগারে থাকা দুই সাবেক পুলিশপ্রধানকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে প্রিজনভ্যানে করে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়াকে ট্রাইব্যুনালে আনা হয়।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ মামলায় শেখ হাসিনাসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহম্মদ মারুফ হাসান, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
মোট আট আসামির মধ্যে শেখ হাসিনাসহ ছয়জন বর্তমানে পলাতক রয়েছেন। অপর দুই আসামি এ কে এম শহীদুল হক ও মো. আসাদুজ্জামান মিয়া কারাগারে রয়েছেন।
এর আগে গত ২৮ অক্টোবর মামলাটিতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। তবে ওই দিন আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ শুভ সময় চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আপত্তি না থাকায় ট্রাইব্যুনাল শুনানির পরবর্তী তারিখ হিসেবে ১৭ নভেম্বর নির্ধারণ করেন।
যেভাবে ঘটেছিল জাহাজবাড়ির ঘটনা
বিজ্ঞাপন
২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে অবস্থিত ‘তাজ মঞ্জিল’ নামের একটি ভবনে জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভবনটি স্থানীয়ভাবে ‘জাহাজবাড়ি’ নামেও পরিচিত ছিল। অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন স্টর্ম-২৬’। ওই অভিযানে প্রাণ হারান নয় তরুণ।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রসিকিউশনের অভিযোগ, জঙ্গিবিরোধী অভিযানের আড়ালে পরিকল্পিতভাবে জঙ্গি নাটক সাজিয়ে ওই নয় তরুণকে হত্যা করা হয়েছিল। তাদের দাবি, ঘটনাটি মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। এ অভিযোগে তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের আসামি করা হয়েছে।
মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে গত ২৯ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পরবর্তী সময়ে মামলাটি বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়।
বিজ্ঞাপন
আজকের শুনানিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেবেন। এর মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রমের পরবর্তী পর্যায়ের অগ্রগতি নির্ধারিত হবে। প্রসিকিউশনের অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য বিচারিক প্রক্রিয়া শেষেই আসবে।








