Logo

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ও শিল্পী মমতাজকে গ্রেপ্তার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর, ২০২৬, ২০:৩২
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ও শিল্পী মমতাজকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় আওয়ামী লীগ নেতা রমজান আলী মাদবরকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন কারাগার থেকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয় মমতাজ ও রমজান আলীকে।

আদালতে শুনানির সময় নিজেকে নির্দোষ দাবি করে আবেগাপ্লুত হয়ে পড়েন মমতাজ। বিচারকের উদ্দেশে তিনি বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। একজন শিল্পী হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছি। শিল্পী পেশা ছাড়া আমার অন্য কোনো পেশা নেই। আমি ন্যায়বিচার চাই।’

এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মমতাজ ও রমজান আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। তাঁর অভিযোগ, মামলার এজাহারভুক্ত অন্য আসামিদের সহযোগিতায় এই দুজনও ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টি এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন ওমর ফারুক শাকিল। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শাকিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে তাঁকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ও অস্ত্রোপচার করাতে হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, গুলির আঘাতে তাঁর ডান চোখটি নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল।

এ ঘটনায় গত বছরের ২৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এর আগে গত বছরের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মিরপুরের এই হত্যাচেষ্টা মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিলেন আদালত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD