চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ

টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চার সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ও তাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে মির্জাপুরে মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। এ সময় তারা মামলাটি প্রত্যাহার এবং কারাবন্দি সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বিজ্ঞাপন
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদক সেবনের ভিডিও ধারণের ঘটনাকে কেন্দ্র করে মব সৃষ্টি করে চার সাংবাদিককে হেনস্তা করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও সাজানো চাঁদাবাজির মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের আয়না। আয়নার সামনে মানুষ নিজেকে যেভাবে উপস্থাপন করে, আয়নাও তাকে সেভাবেই প্রতিফলিত করে। সাংবাদিকরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও অপরাধের চিত্র তুলে ধরেন। অথচ এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত না করে প্রকৃত অপরাধী ও মাদকসেবীদের আড়াল করে সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে বলে তারা দাবি করেন।
বিজ্ঞাপন
তারা আরও বলেন, সাংবাদিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু কোনো ঘটনার সুষ্ঠু তদন্ত ছাড়াই সাংবাদিকদের হয়রানি ও কারাগারে পাঠানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মানববন্ধন থেকে ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার, চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন গণমাধ্যমকর্মীরা।








