Logo

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে মুখ খুলছেন না এসপি জাহাঙ্গীর

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
১৬ নভেম্বর, ২০২৬, ২০:০১
রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে মুখ খুলছেন না এসপি জাহাঙ্গীর
ছবি: সংগৃহীত

রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ডে থাকা চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) কর্মকর্তারা। তবে তদন্তসংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এখনো উল্লেখযোগ্য কোনো তথ্য দেননি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয়ে তার মোবাইল ফোন থেকে পাঠানো কয়েকটি ক্ষুদে বার্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। এসব বার্তা কাদের কাছে পাঠানো হয়েছিল এবং এর উদ্দেশ্য কী ছিল, তা জানতে চাচ্ছেন তদন্ত কর্মকর্তারা।

রবিবার (১৫ নভেম্বর) আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করার পরপরই জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদের জন্য সিএমপির এসআরইউ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন।

তদন্তকারীরা বিশেষ করে তার পাঠানো ‘ডিসেম্বরের জীবনমরণ বাজি রেখে মাঠে নামা’ এবং ‘জনগণ মৌমাছির মতো নামবে মাঠে’—এমন বার্তাগুলোর বিষয়ে জানতে চাইছেন। এসব বার্তা কারা পেয়েছিলেন, কী উদ্দেশ্যে পাঠানো হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ নেতাদের একটি টেলিগ্রাম গ্রুপের সঙ্গেও যুক্ত ছিলেন। মামলার এজাহারেও এ বিষয়ে উল্লেখ রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে এসপি জাহাঙ্গীর আলম গ্রেপ্তারের পর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী হিসেবে পরিচিত অন্য পুলিশ কর্মকর্তাদের মধ্যেও উদ্বেগ ছড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা পুরো ঘটনার নেপথ্যের পরিকল্পনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন। আবেদনে বলা হয়েছে, অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের মূল উৎস কোথায় এবং এর পরিকল্পনা কারা তৈরি করেছে, তা উদ্‌ঘাটন করা প্রয়োজন।

বিজ্ঞাপন

পাশাপাশি বর্তমান রাষ্ট্রকাঠামো পরিবর্তন করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার কথিত প্রচেষ্টায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কারা জড়িত, তা শনাক্ত করার কথা উল্লেখ করা হয়েছে। দেশে কিংবা বিদেশে অবস্থান করে আসামিকে অর্থনৈতিক, প্রযুক্তিগত ও অন্যান্য সহায়তা দেওয়া ব্যক্তিদেরও চিহ্নিত করার বিষয়টি তদন্তের আওতায় রয়েছে।

এ ছাড়া রাষ্ট্রীয় কার্যক্রম অচল করার কথিত পরিকল্পনার পেছনে দেশি বা বিদেশি কোনো সংস্থা কিংবা গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের পরিদর্শক রাসেল মাহমুদ জানান, রবিবার সন্ধ্যা থেকে এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুরো ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন থাকায় এ নিয়ে মন্তব্য করা সমীচীন হবে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD