Logo

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
১৬ নভেম্বর, ২০২৬, ১৮:৪৭
নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের
ছবি: সংগৃহীত

বরগুনা সদর থানায় নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে নানা শ্বশুর অভিযোগ করেছেন। সোমবার ১৬ নভেম্বর দুপুর পৌনে একটায় বরগুনা সদর থানায় এ অভিযোগ দায়ের করেন নানা শ্বশুর।

বিজ্ঞাপন

অভিযুক্তের নাম মো. রব্বানী গাজী। তিনি পনু গাজীর ছেলে এবং অভিযোগকারী সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতি জামাই।

অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। তার বাড়ির পাশেই বসবাস করেন রব্বানী গাজী। অভিযোগে সোহরাব হোসেন উল্লেখ করেন, রব্বানী বেপরোয়া জীবনযাপন করেন।

গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে রব্বানীকে নামাজ পড়ার পরামর্শ দেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে রব্বানী তার হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগকারীর ভাষ্য, বৃদ্ধ বয়সে তার হাঁটাচলায় এমনিতেই কষ্ট হয়। এর মধ্যে এ ঘটনার পর তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। অভিযুক্ত ব্যক্তি যেকোনো সময় তার বড় ধরনের ক্ষতি করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এ ছাড়া পথে-ঘাটে গালাগাল ও অকথ্য ভাষায় কথা বলার কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন সোহরাব হোসেন।

এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। স্থানীয় বাসিন্দারাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন থানায় এসে একটি অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD