Logo

সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা, টমটমের চাপায় শিক্ষিকা নিহত

profile picture
জেলা প্রতিনিধি
বরগুনা
১৬ নভেম্বর, ২০২৬, ১৮:২১
সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা, টমটমের চাপায় শিক্ষিকা নিহত
ছবি: সংগৃহীত

বরগুনার বামনায় মেয়েকে বাঁচাতে গিয়ে ইট-বালুবাহী টমটমের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন স্কুলশিক্ষিকা মোসা. আসমা বেগম (৩৫)। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় টমটমচালক জাহিদকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

নিহত আসমা বেগম উপজেলার গুদিঘাটা এলাকার মো. মন্নান মিয়ার মেয়ে। তিনি ডৌয়াতলা এলাকার গাজী প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছোট মেয়েকে কোলে নিয়ে বামনা-পাথরঘাটা সড়ক পার হচ্ছিলেন আসমা বেগম। এ সময় দ্রুতগতিতে আসা ইট-বালুবাহী একটি টমটম তাকে ধাক্কা দেয়। এতে মেয়েসহ সড়কে ছিটকে পড়েন তিনি। তখন মেয়েকে রক্ষা করতে গিয়ে নিজেই টমটমের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার মেয়ের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধরা দুর্ঘটনায় জড়িত টমটমটির চাকায় আগুন ধরিয়ে দেন। চালক জাহিদকে আটকে রেখে পুলিশে খবর দেন তারা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসমা বেগমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং টমটমচালক জাহিদকে আটক করে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, পুলিশ চালককে আটক করেছে এবং মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত আসমা স্কুলশিক্ষক হওয়ায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD