Logo

স্বামীর পা ধরে কেঁদেও টেকেনি সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব

profile picture
জেলা প্রতিনিধি
বরিশাল
১৬ নভেম্বর, ২০২৬, ১৭:৫৩
স্বামীর পা ধরে কেঁদেও টেকেনি সংসার, পেলেন ৩০০ বিয়ের প্রস্তাব
ছবি: সংগৃহীত

বরিশালের হিজলায় সন্তান না হওয়ার অভিযোগে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে হয়েছে ইতি আক্তারকে। স্বামীর সংসার টিকিয়ে রাখতে কেঁদে আকুতি জানিয়েও শেষ পর্যন্ত সম্পর্কটি ধরে রাখতে পারেননি তিনি। তবে বিচ্ছেদের পর নতুন করে বিয়ের চেয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই নারী। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে তার কাছে এসেছে তিন শতাধিক বিয়ের প্রস্তাব।

বিজ্ঞাপন

ইতি আক্তারের বাড়ি বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামে। সাত বছর আগে ভালোবাসা ও নানা স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল তার দাম্পত্য জীবন। কিন্তু সন্তান না হওয়াকে কেন্দ্র করে ধীরে ধীরে সংসারে অশান্তি বাড়তে থাকে।

ইতির অভিযোগ, সন্তান না হওয়ার কারণে দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে তাকে মানসিক চাপ, অপমান ও নানা কটূক্তি সহ্য করতে হয়েছে। পরিস্থিতি একপর্যায়ে এমন পর্যায়ে পৌঁছায় যে প্রায় দুই থেকে আড়াই মাস তাকে একা থাকতে হয়।

সংসারটি বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে স্বামীর কাছে ছয় মাস সময় চেয়েছিলেন ইতি। এমনকি স্বামীর পা ধরে কেঁদে সম্পর্কটি না ভাঙার অনুরোধও জানিয়েছিলেন। কিন্তু তাতেও মন গলেনি স্বামী রনি খানের। শেষ পর্যন্ত তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রবিবার (১৫ নভেম্বর) সকালে নিজের জীবনের এসব অভিজ্ঞতার কথা তুলে ধরেন ইতি আক্তার।

মেয়ের সংসার টিকিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন তার বাবা রিকিব আলী সরদার। মেয়ের সুখের কথা ভেবে জমি বন্ধক রেখেছেন, কৃষিঋণ নিয়েছেন, এমনকি গাছপালা বিক্রি করেও জামাইয়ের সংসারে সহযোগিতা করেছেন। ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনা থেকে শুরু করে মেয়ের ছোট ছোট আবদার পূরণেও কার্পণ্য করেননি তিনি। মা-হারা মেয়ের মুখে হাসি ফোটাতে নিজের কষ্টকে কখনো গুরুত্ব দেননি এই বাবা।

বিজ্ঞাপন

তবে এত চেষ্টার পরও মেয়ের সংসার ভেঙে যাওয়ায় এখন তার একটাই চাওয়া—মেয়ে যেন সম্মানের সঙ্গে নিজের পায়ে দাঁড়াতে পারে।

ইতি জানান, বিচ্ছেদের পর দেশ-বিদেশ থেকে তার কাছে বিয়ের প্রস্তাব আসছে। ভাইয়ের মাধ্যমে এবং বিভিন্ন যোগাযোগে এখন পর্যন্ত তিন শতাধিক প্রস্তাব পেয়েছেন তিনি। প্রতিদিনই ফোনে নতুন নতুন প্রস্তাব আসছে। কিন্তু আপাতত বিয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান না তিনি।

ইতির ভাষ্য, অতীতের মানসিক আঘাত কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে তার কিছুটা সময় প্রয়োজন। ভবিষ্যতে বিয়ের সিদ্ধান্ত নিলে এমন একজন জীবনসঙ্গী চান, যিনি ভালো মনের মানুষ হবেন এবং সন্তান না হওয়ার বিষয়টিকে ভাগ্যের অংশ হিসেবে মেনে নেবেন। এ নিয়ে যেন তাকে কোনো ধরনের মানসিক চাপ বা কটূক্তির মুখে পড়তে না হয়।

বিজ্ঞাপন

বর্তমানে ইতির প্রধান চাওয়া একটি চাকরি কিংবা কর্মসংস্থানের সুযোগ। নিজের দায়িত্ব নিজে নিয়ে কাজের মাধ্যমে নতুন করে জীবন গুছিয়ে নিতে চান তিনি। এ জন্য সরকার ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাবা রিকিব আলী সরদার বলেন, মেয়ের সুখের জন্য নিজের সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছেন। জমি বন্ধক রাখা, কৃষিঋণ নেওয়া কিংবা গাছপালা বিক্রি—কোনো কিছুই বাদ দেননি। সংসার ভালো রাখার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রও কিনে দিয়েছেন। কিন্তু সন্তান না হওয়ার অজুহাতে মেয়েকে সংসার থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। সরকারের কাছে তার আবেদন, মেয়ের জন্য একটি ছোটখাটো চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক, যাতে সে সম্মানের সঙ্গে বাঁচতে পারে।

ইতির এ ঘটনায় ব্যথিত তার সহপাঠীরাও। সহপাঠী সোহাগ বলেন, ইতি তাদের ছোটবেলার সহপাঠী। তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত দুঃখজনক। সন্তান না হওয়ার বিষয়টি কোনোভাবেই শুধু একজন নারীর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে একজন নারীর পাশে দাঁড়ানো এবং তাকে মানসিকভাবে সহযোগিতা করা সমাজের সবার দায়িত্ব।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD