Logo

ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকার মানুষ, প্রশংসায় ভাসছেন তরুণরা

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৬ নভেম্বর, ২০২৬, ২০:১৬
ব্যতিক্রমী উদ্যোগে মুগ্ধ এলাকার মানুষ, প্রশংসায় ভাসছেন তরুণরা
ছবি: সংগৃহীত

রাস্তার মোড়ে মোড়ে রাজনৈতিক ব্যানার, সিনেমার পোস্টার কিংবা পণ্যের বিজ্ঞাপনের বদলে শোভা পাচ্ছে পবিত্র হাদিস ও বিশ্ববরেণ্য মনীষীদের অনুপ্রেরণামূলক বাণী। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়ে মানুষের প্রশংসা কুড়াচ্ছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের তাহেরপুর গ্রামের একদল স্বেচ্ছাসেবী তরুণ।

বিজ্ঞাপন

‘আমাদের তাহেরপুর স্বেচ্ছাসেবী সংগঠন’-এর উদ্যোগে গ্রামের প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপন করা হয়েছে শিক্ষণীয় বাণীসংবলিত ডিজিটাল ব্যানার ও রঙিন পোস্টার। এতে তুলে ধরা হয়েছে সততা, পরিচ্ছন্নতা, মানবিকতা, ধৈর্য, দয়া ও নৈতিকতা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা।

২০১৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির স্বেচ্ছাসেবীরা নিজেদের উদ্যোগে গ্রামের বিভিন্ন স্থানে এসব ব্যানার ও পোস্টার স্থাপন করছেন। ফলে প্রতিদিন এসব সড়ক দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ চলার পথেই পাচ্ছেন ইতিবাচক চিন্তা ও নৈতিক শিক্ষার বার্তা।

স্থানীয় বাসিন্দারা বলছেন, রাস্তার পাশে সাধারণত বাণিজ্যিক বিজ্ঞাপন কিংবা প্রচারমূলক পোস্টার দেখা যায়। সেখানে মানুষের মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশে সহায়ক বাণী তুলে ধরার বিষয়টি সত্যিই ব্যতিক্রম। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে ভালো কিছু শেখার আগ্রহ তৈরিতে উদ্যোগটি ভূমিকা রাখছে।

বিজ্ঞাপন

স্থানীয় স্কুলশিক্ষক আলতাফ হোসেন বলেন, ‘রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ একটা ভালো কথা চোখে পড়লে মানুষ অনিচ্ছাকৃতভাবেই থমকে দাঁড়ায়, চিন্তা করে। অনেক সময় ছোট্ট একটি বাণীও মানুষের চিন্তাভাবনায় বড় পরিবর্তন আনতে পারে। তরুণদের এই উদ্যোগ মানুষের মধ্যে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে। এটি সত্যিই প্রশংসনীয় সামাজিক উদ্যোগ।’

সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সভাপতি হুমায়ন কবির আপন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো সমাজে ইতিবাচক চিন্তার বিস্তার ঘটানো। মানুষ চলতে-ফিরতে যেন প্রতিদিন অন্তত একটি ভালো কথা জানতে পারে এবং তা নিজের জীবনে প্রয়োগ করতে পারে, সেই চিন্তা থেকেই আমাদের এই উদ্যোগ। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় যদি একজন মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আসে, তাহলেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. এস এম রকিবুল হাসান আকাশ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল জগতে তরুণদের ব্যস্ততার এই সময়ে তাহেরপুরের স্বেচ্ছাসেবীদের এমন উদ্যোগ স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা তৈরির একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা জানান, ব্যক্তিগত স্বার্থ কিংবা প্রচার নয়, বরং নিজেদের গ্রামকে পরিচ্ছন্ন, সুন্দর ও নৈতিক মূল্যবোধসম্পন্ন জনপদ হিসেবে গড়ে তোলাই সংগঠনের তরুণদের মূল লক্ষ্য।

স্থানীয়দের প্রত্যাশা, এই উদ্যোগ অব্যাহত থাকার পাশাপাশি আশপাশের এলাকার তরুণদেরও সামাজিক ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে। তাদের মতে, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সব সময় বড় আয়োজনের প্রয়োজন হয় না। মানুষের চিন্তা, আচরণ ও মূল্যবোধে পরিবর্তন আনতে এমন ছোট উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাহেরপুরের সড়কে সড়কে ছড়িয়ে পড়া এসব শিক্ষণীয় বাণী তাই কেবল ব্যানার-পোস্টারে সীমাবদ্ধ নয়; বরং জ্ঞান, সচেতনতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার এক প্রশংসনীয় সামাজিক প্রয়াসে পরিণত হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD