Logo

হঠাৎ ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়, হেডলাইট জ্বালিয়ে চলল গাড়ি

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
৮ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০
হঠাৎ ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়, হেডলাইট জ্বালিয়ে চলল গাড়ি
ছবি: সংগৃহীত

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে হঠাৎ ঘন কুয়াশার দেখা মিলেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। এতে শহর ও গ্রামের বিভিন্ন সড়ক এবং পথঘাট আবছা হয়ে যায়। কমে আসে যানবাহনের গতি। দৃষ্টিসীমা কম থাকায় চালকদের হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চালাতে দেখা যায়।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে এত ঘন কুয়াশা এর আগে তারা দেখেননি। ভোরে চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় অনেকে আগেভাগেই শীতের আগমনের কথা ভাবতে শুরু করেন। তবে ওই সময় পঞ্চগড়ে তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলো দেখা দিলে ধীরে ধীরে কুয়াশা কেটে যেতে শুরু করে। পরে কুয়াশা পুরোপুরি কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং স্বাভাবিকভাবে যানবাহন চলাচল শুরু হয়।

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশ ঘন কুয়াশায় ঢেকে গেছে। কয়েক হাত দূরের জিনিসও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। সেপ্টেম্বর মাসে এত ঘন কুয়াশা আগে কখনো দেখিনি।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

অটোচালক আব্দুর রহিম বলেন, ‘সকালে অটো নিয়ে বের হয়েছি। কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনে ঠিকমতো দেখা যাচ্ছিল না। তাই ধীরে ধীরে গাড়ি চালাতে হয়েছে।’

বিজ্ঞাপন

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।’

জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘শরৎকালের শুরুতে মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার কারণে আবহাওয়ার এমন পরিবর্তন দেখা যাচ্ছে। এর সঙ্গে আকাশে দীর্ঘ সময় মেঘের অবস্থান এবং হঠাৎ মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার বিষয়টিও কুয়াশা তৈরিতে ভূমিকা রাখছে।’

আবহাওয়া পরিবর্তনের এই প্রভাবে ভোরের দিকে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় সাময়িকভাবে দৃষ্টিসীমা কমে যায়। ফলে পথচারী ও যানবাহন চালকদের স্বাভাবিকের তুলনায় বেশি সতর্ক হয়ে চলাচল করতে দেখা যায়। তবে সকাল বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাওয়ায় দিনের স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD