Logo

হামলার ভিডিও ধারণ করায় অন্তঃসত্ত্বা স্ত্রীর স্বামীকে হত্যা

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
১৮ নভেম্বর, ২০২৬, ১৫:৪০
হামলার ভিডিও ধারণ করায় অন্তঃসত্ত্বা স্ত্রীর স্বামীকে হত্যা
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় সশস্ত্র হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গিয়ে হামলাকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন ইউসুফ (২৩) নামে এক যুবক। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এর আগে রাতের দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত ইউসুফ চাঁদপুরের খিলবাজার থানার বেরকি এলাকার বাসিন্দা মো. মফিজুল ইসলামের ছেলে। পেশায় গাড়িচালক ইউসুফ প্রায় আট মাস আগে বিয়ে করেছিলেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।

স্ত্রীকে নিয়ে তিনি ফতুল্লার শিয়াচর এলাকায় নাজমুল গার্মেন্টসের পাশে শাহিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শিয়াচর তক্কার মাঠ এলাকায় দেলোয়ার হোসেন ওরফে দেলু ডাকাতের বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। হামলাকারীদের হাতে রামদা, ছুরিসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ছিল।

এ সময় দেলুর বাড়ির পেছনে অবস্থিত শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসুফ নিজের মোবাইল ফোনে হামলার দৃশ্য ধারণ করছিলেন। বিষয়টি হামলাকারীদের নজরে আসার পর তারা তার কাছ থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

বিজ্ঞাপন

ইউসুফ এতে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।

পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা গুরুতর আহত ইউসুফকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালত এলাকায় সংঘর্ষের ঘটনার জের ধরে দেলুর বাড়িতে হামলা চালানো হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও বলেন, হামলার সময় ইউসুফ মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি দেখতে পেয়ে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD