শ্রীমঙ্গলে বাড়ছে শীতের প্রকোপ, কমল তাপমাত্রা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি। ভোরের কুয়াশায় ঢেকে যাচ্ছে চা-বাগান ও হাওরাঞ্চল। সন্ধ্যার পর শীতল বাতাসের দাপট বাড়ছে, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে অনুভূত হচ্ছে ঠান্ডার তীব্রতা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গলে মৌসুমের অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
বিজ্ঞাপন
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা গেছে, দিনের তুলনায় সন্ধ্যা ও রাতে শীতের প্রভাব বেশি অনুভূত হচ্ছে। মঙ্গলবার ভোরেও কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ। সকাল গড়িয়ে সূর্যের দেখা মিললেও রোদের তেজ তেমন থাকছে না।
তাপমাত্রা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। ভোরে কাজে বের হওয়া চা-শ্রমিক, দিনমজুরসহ বিভিন্ন পেশার মানুষকে সকাল ও রাতের ঠান্ডা পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
শ্রীমঙ্গলের প্রকৃতিতেও শীতের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠেছে। চা-বাগানের সারি সারি গাছের ফাঁকে জমছে কুয়াশা। ভোরের আলোয় ঘাস ও পাতার ওপর শিশিরবিন্দু ঝলমল করছে। পাহাড়ি টিলা, সবুজ চা-বাগান ও হাওরঘেরা জনপদে তৈরি হচ্ছে শীতের মনোরম আবহ।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, বুধবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে।








